logo

ইউজিসিতে জয় বাংলা স্লোগান!

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
ইউজিসিতে জয় বাংলা স্লোগান!
ইউজিসি লোগো। ছবি: উইকিপিডিয়া

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৯ টায় আগারগাঁওয়ে স্বায়ত্বশাসিত এ প্রতিষ্ঠানের তৃতীয় তলায় এমন ঘটনা ঘটেছে। ইউজিসির একাধিক কর্মকর্তা-কর্মচারি এশিয়া পোস্টকে এ তথ্য নিশ্চিত করেন।

সূত্র জানায়, সকালে অফিসে কর্মকর্তা-কর্মচারির উপস্থিতি কম থাকলে তৃতীয় তলায় কর্মচারি সানাউল্লাহ জয় বাংলা স্লোগান দেন। এ সময় পাশের রুম থেকে একজন কর্মকর্তা বের হয়ে আসলে সটকে পড়েন তিনি।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কর্মকর্তারা বিষয়টি অবগত করেন চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদকেও। তবে এ ব্যাপারে কোনো ব্যবস্থা না হওয়ায় এঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ইউজিসি কর্মকর্তা-কর্মচারিরা।

নাম প্রকাশে অনিচ্ছুক ইউজিসির এক কর্মকর্তা এশিয়া পোস্টকে বলেন, বিএনপি সরকার ক্ষমতা গ্রহণের মাত্র সাত মাসের মাথায় ইউজিসিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগপন্থিরা ফের মাথা চাড়া দিতে শুরু করেছে। এর অংশ হিসেবে জয় বাংলা স্লোগান দেওয়া হয়েছে। ইউজিসির বর্তমান কর্তাব্যক্তিরা এসব দেখেও না দেখার ভান করছে বলেও মন্তব্য করেন তিনি।

দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে আজ সকালে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ইউজিসিতে। ইউজিসি ভবনের ভেতরে জয় বাংলা স্লোগানের বিষয়টি জানতে পেরে উপাচার্যরাও সমালোচনায় মুখর হন বলে জানা গেছে।

ইউজিসিতে কর্মচারির জয় বাংলা স্লোগান দেওয়ার বিষয়ে জানতে এশিয়া পোস্টের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদকে ফোন করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। এ ব্যাপারে তিনি জনসংযোগ দপ্তরে যোগাযোগ করতে বলেন। ইউজিসির জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ জামিনুর রহমানকে ফোন করা হলে তিনি বিষয়টি অবগত নন বলে এশিয়া পোস্টকে জানান।

ইউজিসির সহকারী সচিব (নিরাপত্তা) সৈয়দ আশ্রাফুজ্জামান এশিয়া পোস্টকে বলেন, ইউজিসির তৃতীয় তলায় এ ঘটনা ঘটেছে বলে জেনেছি। কর্মচারি সানাউল্লাহ ইউজিসির নিয়মিত কর্মচারি নন। তিনি আউটসোর্সিং এ একটি কোম্পানির মাধ্যমে কাজ করে থাকেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে। এ নিয়ে তিনিও আর কোনো মন্তব্য করতে চাননি।