logo

এইচএসসি ফল: জিপিএ-৫ কোন বোর্ডে কত

এইচএসসি ফল: জিপিএ-৫ কোন বোর্ডে কত
আগের ছবি

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। শনিবার (৩১ অক্টোবর) বেলা পৌনে ১১টার দিকে এই ফলাফল প্রকাশিত হয়।

জিপিএ-৫ কোন বোর্ডে কত

চলতি বছর মোট জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী। আগের বছরের চেয়ে এবার জিপিএ-৫ কমেছে ২৯ হাজার ১৩ জন। গত বছর জিপিএ-৫ পেয়েছেন ৬৯ হাজার ৯৭ জন।

এবার ঢাকা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১৬ হাজার ৭১৪ জন, চট্টগ্রাম বোর্ডে দুই হাজার ৯২৯ জন, যশোর বোর্ডে তিন হাজার ২২৮ জন, কুমিল্লা বোর্ডে এক হাজার ৩১৩ জন, ময়মনসিংহ বোর্ডে দুই হাজার ১৩৭ জন, রাজশাহী বোর্ডে চার হাজার ৫২০ জন, দিনাজপুর বোর্ডে দুই হাজার ৯৫৩ জন, বরিশাল বোর্ডে ৯৫০ জন, সিলেট বোর্ডে এক হাজার ২০৪ জন এবং মাদ্রাসা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে তিন হাজার ২৫০ শিক্ষার্থী।

চলতি বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন।

গত ২ জুলাই এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। ৮ আগস্ট লিখিত পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগ ও বন্যার কারণে চট্টগ্রামসহ কয়েকটি শিক্ষা বোর্ডের কিছু পরীক্ষা স্থগিত করে পরে তা নেওয়া হয়। ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন হয়।

এক বিজ্ঞপ্তিতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, শিক্ষামন্ত্রী ফলাফল প্রকাশ অনুষ্ঠান উদ্বোধনের সাথে সাথেই ফলাফল নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে প্রকাশিত হবে। নিজ নিজ প্রতিষ্ঠানের Result sheet download করা যাবে এবং SMS-এর মাধ্যমে পরীক্ষার্থীরাও তাদের ফলাফল জানতে পারবেন।

বোর্ডসমূহ কর্তৃক প্রকাশিত ফলাফল সংশ্লিষ্ট সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে eduboardresults.gov.bd এবং educationboardresults.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে সংগ্রহ করতে হবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহকে অনলাইনের মাধ্যমে প্রাপ্ত ফলাফল ডাউনলোড করে প্রকাশ করার জন্য ওই ওয়েবসাইটের Result কর্ণারে ক্লিক করে বোর্ড ও প্রতিষ্ঠানের EIIN-এর মাধ্যমে ফলাফল ডাউনলোড করার পরামর্শ দেওয়া হয়েছে।

পরীক্ষার্থীরা পরীক্ষার ফলাফল নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও সংগ্রহ করতে পারবে। শিক্ষা বোর্ডসমূহের কমন ওয়েবসাইট eduboardresults.gov.bd ও educationboardresults.gov.bd এবং সংশ্লিষ্ট শিক্ষাবোর্ডের ওয়েবসাইটের মাধ্যমেও ফলাফল সংগ্রহ করতে পারবে।

এ ছাড়া পরীক্ষার্থীরা যে কোনো মোবাইল নম্বর থেকে ১৬১৪০ এসএমএস প্রেরণের মাধ্যমে ফলাফল সংগ্রহ করতে পারবেন। এসএমএস-এর মাধ্যমে ফলাফল জানতে HSC < Space> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর < Space> রোল নম্বর < Space> পরীক্ষার বছর লিখে 16140 নম্বরে পাঠাতে হবে। উদাহরণঃ HSC Dha 123456 2026 লিখে 16140 নম্বরে Send করতে হবে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি থেকে আরও বলা হয়, শিক্ষাবোর্ড, শিক্ষা মন্ত্রণালয় বা পত্রিকা অফিসে কোনো ফলাফল পাওয়া যাবে না। পুনর্নিরীক্ষণের জন্য অনলাইনের মাধ্যমে আগামী ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। আবেদনপ্রক্রিয়া ও সংশ্লিষ্ট নির্দেশনা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।