বিশ্ব মেধাস্বত্ব দিবসে বেরোবিতে র্যালি ও আলোচন সভা

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বিশ্ব মেধাস্বত্ব দিবস-২০২৬ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘মেধাস্বত্ব ও ক্রীড়া; প্রস্তুত হও, শুরু করো, উদ্ভাবন করো’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে সভার আয়োজন করে।
রোববার (২৬ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার তৃতীয় তলায় এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বলেন, বর্তমান সরকার মেধাসম্পদ ও উদ্ভাবনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেছে এবং আমরাও আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধাকে সম্পদে রূপান্তর করতে বদ্ধপরিকর।
তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য হলো শিক্ষার্থীদের মেধাকে কেবল ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ না রেখে তা যেন দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে কাজে লাগানো যায়, সেভাবে প্রস্তুত করা।
আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মো. তাজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মো. ফেরদৌস রহমান এবং দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর ড. আবু রেজা মো. তৌফিকুল ইসলাম। এ ছাড়াও আরও বক্তব্য রাখেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. মো. আব্দুর রকিব ও ড. মো. সজিব মিয়া এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ। এ সময় শিক্ষার্থীরা তাদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরে এবং বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ উন্নয়ন, গবেষণা ও উদ্ভাবনমুখী পরিবেশ গড়ে তোলার বিষয়ে তাদের প্রত্যাশা ব্যক্ত করে।
এর আগে, সকালে দিবসটি উপলক্ষে একটি র্যালির আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের ২২টি বিভাগের শিক্ষার্থী ও অন্যান্য শিক্ষকবৃন্দের অংশগ্রহণে র্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে উদ্ভাবনী চিন্তা, সৃজনশীলতা ও মেধাস্বত্ব সুরক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতনতা আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।