
আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা নিয়ে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও জেলা শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আগামী ২৪ জুন (বুধবার) সকাল ১০টায় রাজধানীর আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে এ সভা হবে।
শনিবার (২০ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।
সভায় ঢাকা শিক্ষা বোর্ড ও ময়মনসিংহ শিক্ষা বোর্ডের আওতাধীন এইচএসসি ও সমমান পরীক্ষার সব কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং সংশ্লিষ্ট জেলা শিক্ষা কর্মকর্তা অংশ নেবেন। পাশাপাশি উপস্থিত থাকবেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন ঢাকা ও ময়মনসিংহ বিভাগের আওতাভুক্ত এইচএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্রগুলোর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারাও।
বিজ্ঞপ্তিতে বিষয়টিকে ‘অতীব জরুরি’ উল্লেখ করে সংশ্লিষ্ট সবাইকে সভায় উপস্থিত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সভায় পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনা, কেন্দ্র পরিচালনা, শৃঙ্খলা রক্ষা এবং অনিয়ম প্রতিরোধের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে।




