এবার ডাকসুর সংগ্রহশালায় গোলাম আযমকে জুতাপেটার ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় মুহাম্মদ আলী জিন্নাহর সাঁটানো ছবি ভাঙচুরের পর এবার গোলাম আজমের প্রতি জুতা নিক্ষেপের ছবি টাঙিয়েছে ছাত্র ফেডারেশন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৩টায় ছাত্র ফেডারেশনের বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক অর্ক বড়ুয়ার নেতৃত্বে একদল শিক্ষার্থী এ ছবি লাগান।
সংগ্রহশালায় গিয়ে দেখা যায়, যে স্থানে জিন্নাহর ছবি লাগানো হয়েছিল ঠিক সে স্থানের ওপরে ১৯৮১ সালে বায়তুল মোকাররমে গোলাম আজমকে জুতাপেটা করার একটি ছবি টাঙানো হয়েছে।
এর আগে, রোববার (১৩ সেপ্টেম্বর) ডাকসু ভবনের নিচতলায় অবস্থিত ঐতিহাসিক সংগ্রহশালার সংস্কারকাজ শেষে পুনরায় উদ্বোধন করেন ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা। এ সময় ডাকসুর সহসভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম ও সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ উপস্থিত ছিলেন।
সংগ্রহশালায় ১৯৪৮ সালের ২১ মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে ‘উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা’ বক্তব্য দেওয়ার সময়কার মুহাম্মদ আলী জিন্নাহর একক ছবি প্রদর্শন করা হয়েছে। এ ছাড়া ১৯৪০ সালের লাহোর প্রস্তাবের একটি দলীয় ছবি এবং ১৯৭০ সালের নির্বাচনসংক্রান্ত মুহাম্মদ আলী জিন্নাহর ছবি-সম্বলিত পাকিস্তানের ডন পত্রিকার একটি সংবাদও সেখানে টাঙানো হয়।
এরইপ্রেক্ষিতে সোমবার দুপুর আড়াইটার দিকে ডাকসু সংগ্রহশালায় গিয়ে ছবি তিনটি ছিঁড়ে ফেলে প্রতিবাদ জানার ঢাবি শিক্ষার্থী আবু তৈয়ব হাবিলদার। আবু তৈয়ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০০১-০২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। সবশেষ ডাকসু নির্বাচনে তিনি সহসভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।
আবু তৈয়ব সাংবাদিকদের বলেন, যে জিন্নাহ আমাদের মাতৃভাষার বিরুদ্ধে সিদ্ধান্ত দিয়েছিল, যে জিন্নাহ ১৯৪৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে ছাত্র-ছাত্রীদের গ্রেপ্তার করেছিল, সেই জিন্নাহ ডাকসুতে স্থান পেতে পারে না।
তিনি আরও বলেন, ডাকসুর নির্বাচনি ইশতেহারে জিন্নাহকে নায়ক হিসেবে প্রতিষ্ঠার কোনো কথা ছিল কি না। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহসহ বিতর্কিত ব্যক্তিদের প্রতিষ্ঠার চেষ্টা করছে শিবির। এই ডাকসুতে, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এই বাংলাদেশে জিন্নাহর মতো কোনো ভিলেন, গোলাম আজম-নিজামীর মতো কোনো ভিলেন আমাদের নায়ক হতে পারে না, নায়ক হতে দেব না।


