প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ভেতরে আমরণ অনশনে নিয়োগপত্র না পাওয়া চাকরিপ্রার্থীরা

প্রাথমিক সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও শত শত প্রার্থী এখনো নিয়োগপত্র পাননি বলে অভিযোগ উঠেছে।
এ নিয়ে বিক্ষুব্ধ চাকরিপ্রার্থীরা বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ভেতরে অনশন শুরু করেছেন।
দেশের বিভিন্ন জেলা থেকে আসা নিয়োগবঞ্চিত প্রার্থীরা এ অনশনে অংশ নিয়েছেন।
ঢাকা জেলার চাকরিপ্রার্থী তানভীর আহমেদ এশিয়া পোস্টকে বলেন, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছিলেন, ১ অক্টোবরের মধ্যেই নিয়োগপত্র দেওয়া হবে। কিন্তু রহস্যজনক কারণে সারাদেশে এখনো শতাধিক প্রার্থী নিয়োগপত্র পাননি।
ঢাকা জেলার ৫৩ জন তরুণ-তরুণী এখনো নিয়োগপত্র থেকে বঞ্চিত রয়েছেন বলেও দাবি করেন তিনি।
মাদারীপুর জেলার চাকরিপ্রার্থী আখি বাড়ৈ বলেন, আমাদের জেলায় আটজন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলেও নিয়োগপত্র না পেয়ে চাকরি থেকে বঞ্চিত হয়েছেন। অবিলম্বে আমরা সরকারের কাছে নিয়োগপত্র চাই।
সরকার এক কোটি তরুণ-তরুণীর জন্য কর্মসংস্থান তৈরির কথা বললেও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগপত্র আটকে রাখা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
শরীয়তপুর জেলার সহকারী শিক্ষক পদে উত্তীর্ণ প্রার্থী আতিকুর রহমান বলেন, আমাদের জেলার অনেকে এখনো নিয়োগপত্র হাতে পাননি। এই বৈষম্য মেনে নেওয়া যায় না।
অনশনরত চাকরিপ্রার্থীরা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসীর সঙ্গে সাক্ষাতের চেষ্টা করলেও সফল হননি বলে জানান তারা।
নিয়োগপত্র না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন অনশনরত চাকরিপ্রার্থীরা।
