logo

দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধন শুরু আজ

দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধন শুরু আজ
ছবি: এশিয়া পোস্ট গ্রাফিক্স

কওমি মাদ্রাসার সর্বোচ্চ স্তরের পরীক্ষা দাওরায়ে হাদিসের (তাকমিল) ২০২৬ সালের নিবন্ধন কার্যক্রম আজ মঙ্গলবার (৪ আগস্ট) থেকে শুরু হচ্ছে।

সোমবার (৩ আগস্ট) কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বোর্ড জানিয়েছে, এবারও সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে পরীক্ষার্থীদের নিবন্ধন সম্পন্ন করা হবে। একই সঙ্গে পুরাতন নেগরান ও মুমতাহিনদের (পরীক্ষকদের) তথ্য হালনাগাদ এবং নতুন আবেদন গ্রহণের কার্যক্রমও শুরু হবে। সংশ্লিষ্ট মাদ্রাসার প্রশাসকরা নির্ধারিত সফটওয়্যারে প্রবেশ করে শিক্ষার্থীদের নিবন্ধন সম্পন্ন করবেন। নিবন্ধন প্রক্রিয়ার অংশ হিসেবে এবারও পরীক্ষার্থীদের ফিঙ্গারপ্রিন্ট গ্রহণ করা হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, নিবন্ধনের আগে পরীক্ষার্থীদের নির্ধারিত ব্যক্তিগত ফরম পূরণ করে মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে। মুহতামিম বা নাজিমে তা’লীমাতের অনুমোদনের পর সেই তথ্য অনলাইনে আপলোড করা হবে।

এ বছর নিয়মিত পরীক্ষার্থীদের নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে ৭০০ টাকা, আর অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য ৮০০ টাকা। এর সঙ্গে যুক্ত হবে ১ শতাংশ অনলাইন চার্জ। তবে নির্ধারিত সময়ের পর বিলম্বে নিবন্ধনের ক্ষেত্রে নিয়মিতদের ৮০০ টাকা ও অনিয়মিতদের ৯০০ টাকা ফি দিতে হবে।

আগামী ৪ আগস্ট থেকে ২৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি পর্যন্ত চলবে নিবন্ধন কার্যক্রম। এর মধ্যে ৪ আগস্ট থেকে ১৯ রবিউল আউয়াল পর্যন্ত নিয়মিত সময় এবং ২০ থেকে ২৯ রবিউল আউয়াল পর্যন্ত বর্ধিত সময় হিসেবে বিবেচিত হবে। নির্ধারিত সময় শেষ হওয়ার পর আর কোনো আবেদন গ্রহণ করা হবে না।