বাংলাদেশের মাধ্যমিক শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে পড়ার সুযোগ

বাংলাদেশের ১৫ থেকে ১৭ বছর বয়সী মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রে এক সেমিস্টার বিনামূল্যে পড়ার সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে। আন্তর্জাতিক ‘কেনেডি-লুগার যুব বিনিময় ও শিক্ষা’ কর্মসূচির আওতায় ২০২৭ সালের বসন্তকালীন সেমিস্টারের জন্য আনুষ্ঠানিকভাবে এই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের নির্বাচন করা হবে। চূড়ান্তভাবে মনোনীত শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রে গিয়ে একটি স্থানীয় স্বাগতিক পরিবারের সঙ্গে অবস্থান করবেন। একই সঙ্গে তাঁরা মার্কিন যুক্তরাষ্ট্রের একটি স্বনামধন্য হাইস্কুলে এক সেমিস্টার পড়াশোনা করার সুযোগ পাবেন।
আন্তর্জাতিক এই প্ল্যাটফর্মের মূল উদ্দেশ্য হলো বিশ্বের বিভিন্ন দেশের তরুণদের মধ্যে সাংস্কৃতিক যোগাযোগ ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি করা। এ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীরা আমেরিকান শিক্ষাব্যবস্থা, সুশাসন, ব্যবসা ও উদ্ভাবনী অভিজ্ঞতার সঙ্গে সরাসরি পরিচিত হতে পারবেন। পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়ে নিজেদের নেতৃত্বের দক্ষতা বিকাশেরও সুযোগ পাবেন তারা।
আগ্রহী ও যোগ্য শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করতে বলা হয়েছে।
আবেদনের শেষ সময় আগামী ২৩ সেপ্টেম্বর ২০২৬, বুধবার বিকেল ৪টা। যোগ্যতা, প্রয়োজনীয় কাগজপত্র ও আবেদন প্রক্রিয়ার বিস্তারিত জানতে বাংলাদেশে অবস্থিত মার্কিন দূতাবাসের নিজস্ব ওয়েবসাইটে দেওয়া নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।


