logo

সবুজ পাতায় অন্তর্ভুক্তির অপেক্ষায় নোবিপ্রবির হাজার কোটি টাকার প্রকল্প

সবুজ পাতায় অন্তর্ভুক্তির অপেক্ষায় নোবিপ্রবির হাজার কোটি টাকার প্রকল্প

২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) নতুন প্রকল্প অন্তর্ভুক্তির বিষয়ে বিবেচনার জন্য আন্তঃমন্ত্রণালয় প্রোগ্রামিং কমিটির সভা অনুষ্ঠিত হচ্ছে। এতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বহুল প্রত্যাশিত দুটি প্রকল্প ‘সবুজ পাতায়’ অন্তর্ভুক্তির জন্য আলোচনায় উঠবে।

বাংলাদেশ পরিকল্পনা কমিশনের কার্যক্রম বিভাগের সদস্য (সচিব) এস এম শাকিল আক্তারের সভাপতিত্বে সোমবার (২৭ এপ্রিল) সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের অতিরিক্ত পরিচালক শাহ মোহাম্মদ আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক স্মারক সূত্রে এ তথ্য জানা গেছে।

স্মারকে উল্লেখ করা হয়, নোবিপ্রবির একাডেমিক ভবন-৪ নির্মাণ, স্টেম এক্সিলেন্স হাব স্থাপন, আবাসিক হল এবং অন্যান্য ভৌত অবকাঠামো সম্প্রসারণের লক্ষ্যে একটি বড় প্রকল্প প্রস্তাব করা হয়েছে। এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১ হাজার ২৬৫ কোটি টাকা। এর সম্ভাব্য মেয়াদকাল ধরা হয়েছে ২০২৬ এর জুলাই থেকে ২০৩১ সালের জুন পর্যন্ত।

অন্যদিকে নোবিপ্রবি ও এর আশপাশের এলাকায় নিরাপদ পানি নিশ্চিতকরণ, লবণাক্ততা ও আয়রণ দূরীকরণ কৌশল প্রণয়নসংক্রান্ত আরেকটি প্রকল্পও ‘সবুজ পাতায়’ অন্তর্ভুক্তির জন্য এজেন্ডাভুক্ত হয়েছে। এ প্রকল্পের সম্ভাব্য ব্যয় নির্ধারণ করা হয়েছে ২০ কোটি ৩৭ লাখ টাকা।

 

বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা মনে করছেন, প্রকল্প দুটি অনুমোদন পেলে নোবিপ্রবির অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে নতুন গতি সঞ্চার হবে।