এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, জেনে নিন নিয়ম

এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু হয়েছে আজ মঙ্গলবার (১১ আগস্ট)। আগামী ১৭ আগস্ট পর্যন্ত শিক্ষার্থীরা এ আবেদন করতে পারবেন। পুনর্নিরীক্ষণের জন্য কোনো লিখিত বা সরাসরি আবেদন গ্রহণ করা হবে না। নির্ধারিত নিয়মে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি গত ৮ আগস্ট এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর ১১ থেকে ১৭ আগস্ট পর্যন্ত পুনর্নিরীক্ষণের সুযোগ থাকবে। এ-সংক্রান্ত নিয়ম ও নির্দেশনা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে দেওয়া হয়েছে।
পুনর্নিরীক্ষণের জন্য প্রতিটি পত্রে ১৫০ টাকা করে ফি দিতে হবে। বাংলা ও ইংরেজির মতো যেসব বিষয় দুটি পত্রে বিভক্ত, সেসব বিষয়ের উভয় পত্রের জন্য আবেদন করতে হবে। ফি অনলাইনে বিকাশ, নগদ ও সোনালী সেবার মাধ্যমে পরিশোধ করা যাবে।
একবার আবেদন ও ফি পরিশোধের পর চাইলে কোনো শিক্ষার্থী আরও বিষয়ের খাতা পুনর্নিরীক্ষণের জন্য নতুন করে আবেদন করতে পারবেন। তবে সেক্ষেত্রে নতুন করে মোবাইল নম্বর দেওয়ার প্রয়োজন হবে না।
আবেদন করার সময় ফি জমা দেওয়ার আগ পর্যন্ত নির্বাচিত বিষয় পরিবর্তনের সুযোগ থাকবে। কোনো বিষয় ভুল করে নির্বাচন করা হলে ‘মুছে ফেলুন’ অপশন ব্যবহার করে সেটি বাদ দেওয়া যাবে। এরপর প্রয়োজনীয় বিষয় নির্বাচন করে আবেদন করা যাবে। তবে ফি পরিশোধ হয়ে গেলে নির্বাচিত বিষয় আর পরিবর্তন বা বাতিল করা যাবে না। এ ক্ষেত্রে জমা দেওয়া অর্থও ফেরতযোগ্য নয়।
যেভাবে আবেদন করবেন
ফল পুনর্নিরীক্ষণের আবেদন করতে প্রথমে নির্ধারিত ওয়েবসাইট https://rescrutiny.eduboardresults.gov.bd-এ প্রবেশ করতে হবে। এরপর রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ড্রপডাউন মেনু থেকে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড নির্বাচন করে ‘সাবমিট’ করতে হবে।
এরপর একটি সচল মোবাইল নম্বর দিতে হবে। পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের পর ওই নম্বরেই এসএমএসের মাধ্যমে ফল জানানো হবে।
পরবর্তী ধাপে পর্দায় শিক্ষার্থীর বিষয়ভিত্তিক ফলাফল দেখা যাবে। যে বিষয় বা বিষয়গুলোর খাতা পুনর্নিরীক্ষণ করতে চান, সেগুলো নির্বাচন করে ‘ফি প্রদান করুন’ অপশনে যেতে হবে। সেখানে মোট ফি দেখানো হবে।
বিকাশ, নগদ অথবা সোনালী সেবার মাধ্যমে নির্ধারিত ফি পরিশোধ করতে হবে। ফি পরিশোধের পদ্ধতি জানতে আবেদন পোর্টালের ‘হেল্প’ অপশন ব্যবহার করা যাবে।
ফি পরিশোধের পর আবার আবেদন পোর্টালে প্রবেশ করে ‘জমা দিন’ বাটনে ক্লিক করতে হবে। এরপরই পুনর্নিরীক্ষণের আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে।
এদিকে গতকাল সোমবার সকাল ১০টায় ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল একযোগে প্রকাশ করা হয়েছে। শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ও এসএমএসের মাধ্যমে ফল জানতে পারছেন।
এবার এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ।
.png)


