শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশ ইউনিভার্সিটিতে পুঁজিবাজারবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

এশিয়া পোস্ট নিউজ
শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশ ইউনিভার্সিটিতে পুঁজিবাজারবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের মধ্যে পুঁজিবাজার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং বিনিয়োগ-সংক্রান্ত জ্ঞান সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ ইউনিভার্সিটিতে (বিইউ) ‘পুঁজিবাজার পর্যালোচনা: আগামী প্রজন্মের বিনিয়োগকারীদের ক্ষমতায়ন’ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

বুধবার (২৪ জুন) বিকেলে বিশ্ববিদ্যালয়ের হলরুমে এ কর্মশালার আয়োজন করে বাংলাদেশ অ্যাকাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটস (বিএএসএম)। এতে সহযোগিতা করে বাংলাদেশ ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগ এবং বাংলাদেশ ইউনিভার্সিটি বিজনেস ক্লাব (বিইউবিসি)।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. মাহবুবুল হক। ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান ড. মো. মুজাক্কিরুল হুদার সভাপতিত্বে কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন বিএএসএমের মহাপরিচালক কামরুল আনাম খান, ফ্যাকাল্টি সদস্য নিপা সাহা এবং মো. সাদ্দাম হোসাইন খান।

​কর্মশালায় বক্তারা বাংলাদেশের পুঁজিবাজারের কাঠামো, বিনিয়োগের মৌলিক ধারণা, ঝুঁকি ব্যবস্থাপনা, আর্থিক সচেতনতা এবং তরুণ প্রজন্মের জন্য দায়িত্বশীল বিনিয়োগের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

কর্মশালার বিশেষ একটি সেশনে বিএএসএমের ফ্যাকাল্টি মো. সাদ্দাম হোসাইন খান ইনিশিয়াল পাবলিক অফারিং (আইপিও) ও কোম্পানির শেয়ারবাজারে তালিকাভুক্তির বিভিন্ন ধাপ তুলে ধরেন। পাশাপাশি বিনিয়োগের আগে তথ্য বিশ্লেষণ ও ঝুঁকি মূল্যায়নের কৌশল হিসেবে ‘থ্রি ফিল্টার থিওরি ফর ক্যালকুলেটিভ রিস্ক ম্যানেজমেন্ট’ এবং চার্ট প্যাটার্ন, ট্রেন্ড অ্যানালাইসিস, সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেলসহ টেকনিক্যাল অ্যানালাইসিসের বিভিন্ন দিক নিয়ে বাস্তবভিত্তিক ধারণা দেন। এ সেশন শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।

​প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে একাডেমিক শিক্ষার পাশাপাশি আর্থিক ও বিনিয়োগ-সংক্রান্ত জ্ঞান শিক্ষার্থীদের কর্মজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ ধরনের কর্মশালা শিক্ষার্থীদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

​কর্মশালায় আলোচিত বিষয়বস্তুর ওপর ভিত্তি করে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বিশেষ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং সঠিক উত্তরদাতাদের আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়।

​অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন এবং প্রশ্নোত্তর পর্বে বিশেষজ্ঞদের সাথে সরাসরি মতবিনিময় করেন।