ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, এক ঘণ্টার আলটিমেটাম শিক্ষার্থীদের

চলমান এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্রে ত্রুটি, পরীক্ষা পদ্ধতির পরিবর্তন এবং দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে পরীক্ষা নেওয়ার প্রতিবাদে রাজধানীর উত্তরায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন এইচএসসি-২০২৬ ব্যাচের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর সাড়ে ১২টার পর শুরু হওয়া এ কর্মসূচির ফলে প্রায় দুই ঘণ্টা ধরে মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে।
শিক্ষার্থীদের অবরোধের কারণে ঢাকা-বিমানবন্দর ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে হাজারো যাত্রী চরম দুর্ভোগে পড়েন। একইসঙ্গে উত্তরার বিভিন্ন সেক্টরের অভ্যন্তরীণ সড়কেও যানবাহনের ব্যাপক চাপ দেখা যায়।
আন্দোলনরত শিক্ষার্থীরা শিক্ষা মন্ত্রণালয়ের কাছে ৮ দফা দাবি উত্থাপন করেছেন। তাদের দাবি, প্রশ্নপত্র ও পরীক্ষা পদ্ধতির ব্যর্থতার দায় স্বীকার করে শিক্ষা মন্ত্রণালয়কে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হবে। পাশাপাশি চলমান এইচএসসি পরীক্ষা স্থগিত, প্রশ্নপত্রের ত্রুটির জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনা এবং বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীদের ক্ষতিপূরণ হিসেবে অতিরিক্ত ১৪ নম্বর দেওয়ার দাবিও জানানো হয়েছে।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, চলমান বন্যা, ভারী বৃষ্টি, জলাবদ্ধতা ও তীব্র যানজটের মধ্যেও পরীক্ষা নেওয়া হচ্ছে। এতে অনেক পরীক্ষার্থী সময়মতো কেন্দ্রে পৌঁছাতে পারছেন না। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের মানবিক দিক বিবেচনায় কার্যকর পদক্ষেপ না নেওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থী বলেন, তারা জনদুর্ভোগ সৃষ্টি করতে চান না। তবে প্রশ্নপত্রের গুরুতর ত্রুটি ও পরীক্ষা পদ্ধতি নিয়ে সৃষ্ট সংকটের কারণে বাধ্য হয়ে সড়কে নেমেছেন। তাদের দাবি, এক ঘণ্টার মধ্যে দাবি মেনে নেওয়া না হলে সচিবালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা করা হবে।
শিক্ষার্থীদের ঘোষিত ৮ দফা দাবির মধ্যে রয়েছে: প্রশ্নপত্র ও পরীক্ষা পদ্ধতির ব্যর্থতার জন্য আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা, এইচএসসি-২০২৬ ব্যাচকে নিয়ে কোনো ধরনের পরীক্ষামূলক কার্যক্রম বন্ধ, অনুকূল পরিবেশ না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত, পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ৬ ও ৭ নম্বর প্রশ্নে ত্রুটির জন্য ক্ষমা চাওয়া, বিজ্ঞান বিভাগের সব বোর্ডের পরীক্ষার্থীদের অতিরিক্ত ১৪ নম্বর প্রদান, শিক্ষার্থী-বান্ধব ও চাপমুক্ত শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করা, গত দুই বছরের প্রস্তুতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রশ্নপত্র প্রণয়ন এবং শিক্ষা ব্যবস্থা সংস্কারে সরকারের কার্যকর উদ্যোগ গ্রহণ।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আন্দোলনকারী শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান করছিলেন এবং যান চলাচল বন্ধ ছিল।
পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, শিক্ষার্থীরা এখনো মহাসড়কে অবস্থান করছে। আমরা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছি।






