logo

২৪ সেপ্টেম্বর থেকে নিয়োগপত্র পাবেন প্রাথমিক শিক্ষক পদে সুপারিশপ্রাপ্তরা

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
২৪ সেপ্টেম্বর থেকে নিয়োগপত্র পাবেন প্রাথমিক শিক্ষক পদে সুপারিশপ্রাপ্তরা
ছবি: এআই জেনারেটেড

আগামী ২৪ সেপ্টেম্বর থেকে নিয়োগপত্র পাবেন প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্তরা। আগামী ১ অক্টোবর জেলা প্রাথমিক শিক্ষা অফিসে তাদের যোগদান করতে বলা হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এশিয়া পোস্টকে এ তথ্য জানান নীলফামারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. রবিউল ইসলাম।

তিনি বলেন, সরকারের পক্ষ থেকে নির্দেশনা পেয়েছি। নির্ধারিত সময়ের মধ্যেই সুপারিশপ্রাপ্তদের নিয়োগপত্র প্রদান করা হবে।

এদিকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী এশিয়া পোস্টকে বলেন, সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্তরা ১ অক্টোবর চাকরিতে যোগদান করবেন- মন্ত্রণালয় থেকে পূর্বেই এ তথ্য জানানো হয়েছে। এর মধ্যে জেলা শিক্ষা অফিসে যোগদান করবেন পরীক্ষায় উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা।

চলতি বছরের গত ৮ ফেব্রুয়ারি প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশিত হয়। এতে উত্তীর্ণ হন ১৪ হাজার ৩৮৪ প্রার্থী। এরপর ২২ ফেব্রুয়ারি থেকে গত ১ মার্চের মধ্যে স্বাস্থ্য পরীক্ষা (ডোপ টেস্টসহ) ও সব ধরনের সনদ যাচাইয়ের কাজ সম্পন্ন হয় তাদের।

এরপর দীর্ঘদিন ধরে আটকে আছে এই চাকরিপ্রার্থীদের যোগদান প্রক্রিয়া। দ্রুত যোগদান দাবিতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলন কর্মসূচি করেছেন তারা। নিয়োগপত্র প্রদান ও যোগদানের ঘোষণায় ১৪ হাজার ৩৮৪ চাকরিপ্রার্থীর অপেক্ষার প্রহর শেষ হচ্ছে।