logo

ফেসবুক ব্যবহার নিয়ে মাদ্রাসা প্রধানদের জরুরি নির্দেশনা দিল অধিদপ্তর

ফেসবুক ব্যবহার নিয়ে মাদ্রাসা প্রধানদের জরুরি নির্দেশনা দিল অধিদপ্তর
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের লোগো। ছবি: এশিয়া পোস্ট গ্রাফিকস

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ব্যবহার নিয়ে সারা দেশের মাদ্রাসার সুপার, অধ্যক্ষ, ইবতেদায়ি প্রধানের জন্য নির্দেশনা জারি করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।

সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় অধিদপ্তরের পরিচালক মুহাম্মদ মোজাম্মেল হোসেন খান স্বাক্ষরিত হয় নির্দেশনা ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

এতে বলা হয়, অধিদপ্তরের আওতাধীন বেসরকারি এমপিওভুক্ত মাদ্রাসার কতিপয় শিক্ষক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাদের ব্যক্তিগত ওয়ালে ও বিভিন্ন গ্রুপে কর্তৃপক্ষের গৃহীত বিভিন্ন সিদ্ধান্তের বিষয়ে অশোভন, শিষ্টাচার বহির্ভূত এবং উসকানিমূলক পোস্ট দিচ্ছেন। এতে সারা দেশে কর্মরত মাদ্রাসা শিক্ষকদের মাঝে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে। এর ফলে মাদ্রাসা শিক্ষার স্বাভাবিক কার্যক্রম বিঘ্নিত হচ্ছে।

নির্দেশনায় আরও বলা হয়, শিক্ষকদের এমন কার্যকলাপের কারণে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড ‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নির্দেশিকা, ২০১৯ এর ১০ (৬), ১০ (ছ) ও ১০ (ঝ) অনুচ্ছেদের পরিপন্থি’ এবং ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা, ২০২৬’ এর ১৮ (গ) অনুযায়ী শাস্তিযোগ্য।

অধিদপ্তরের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কর্মকাণ্ড থেকে শিক্ষক-কর্মচারীদেরকে বিরত থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়।

আবদুল কাহহার মিয়াজী

সম্পাদনা

আবদুল কাহহার মিয়াজী

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট