চবির সড়কে ছাত্রদল লিখে দিল ‘গুপ্ত থেকে পানাহ চাই’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে মঙ্গলবারের (২১ এপ্রিল) সংঘর্ষের জেরে এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে ‘গুপ্ত’ শব্দ সংবলিত গ্রাফিতি অঙ্কন করেছে শাখা ছাত্রদল।
বুধবার (২২ এপ্রিল) মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ও সোহরাওয়ার্দী হল সংলগ্ন মোড় এলাকায় এসব গ্রাফিতি দেখা যায়।
সরেজমিনে দেখা যায়, সোহরাওয়ার্দী হল মোড়ে ‘বিতাড়িত গুপ্ত থেকে পানাহ চাই’ স্লোগান লেখা হয়েছে এবং লাল কালিতে লেখা ‘গুপ্ত’ শব্দের ওপর সাদা কালি দিয়ে ক্রস চিহ্ন দেওয়া হয়েছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়কের প্রবেশমুখে ‘আলবদর ও গুপ্ত প্রবেশ নিষেধ’ সংবলিত গ্রাফিতিও পথচারীদের দৃষ্টি আকর্ষণ করেছে।
এ বিষয়ে শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয় বলেন, আমরা ইতোমধ্যে দুটি গুরুত্বপূর্ণ স্থানে এই গ্রাফিতি করেছি এবং আমাদের এই প্রতিবাদ কর্মসূচি চলমান থাকবে। বিগত সময়ে যারা ‘গুপ্ত’ হিসেবে পরিচিত ছিল, তারা এখন ছাত্রশিবিরের ছায়াতলে নিজেদের প্রকাশ করছে এবং বিভিন্ন সুযোগ-সুবিধা নিচ্ছে। আমরা চাই, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে এই ধরনের ‘গুপ্ত’ রাজনীতি চিরতরে বন্ধ হোক।
এদিকে বুধবার রাতে চবি ছাত্রশিবিরের মিছিল থেকে স্লোগান দেওয়া হয়েছে, ‘গুপ্ত বলিস কাকে, তুই ছিলি লন্ডনে’।
অন্যদিকে সকালে চট্টগ্রাম পলিটেকনিক্যাল ইনস্টিটিউট ছাত্রদলের কিছু নেতাকর্মী শাটল ট্রেনে করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যাওয়ার পথে ট্রেনের বগির ভেতর স্লোগান দেন। ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে শিবিরের নেতাকর্মীরা অভিযোগ করছেন, বহিরাগতরা ক্যাম্পাসের ছাত্রীদের হেনস্তা করে স্লোগান দিয়েছে।
উদ্ভূত পরিস্থিতিতে চবি ছাত্রশিবিরের সভাপতি ও চাকসুর ভিপি ইব্রাহীম হোসেন রনি বলেন, আমরা ক্যাম্পাসে একটি সৌহার্দপূর্ণ ও স্থিতিশীল পরিবেশ বজায় রাখতে চাই। কেউ যদি উসকানিমূলক কোনো কিছু লিখে থাকে, তবে আমরা পাল্টা উসকানিতে না গিয়ে সর্বোচ্চ সংযম প্রদর্শনের চেষ্টা করব।
চট্টগ্রাম সিটি কলেজের ঘটনার পর থেকে চবি ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে নতুন করে উত্তেজনার আশঙ্কা তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নিরাপত্তা কর্মীদের নজরদারি বাড়াতে দেখা গেছে।