logo

‎রুয়েটে প্রথম বর্ষের ক্লাস শুরু কাল, প্রথম ১০ দিন অনুপস্থিত থাকলে ভর্তি বাতিল

‎রুয়েটে প্রথম বর্ষের ক্লাস শুরু কাল, প্রথম ১০ দিন অনুপস্থিত থাকলে ভর্তি বাতিল
শনিবার রুয়েট অডিটোরিয়ামে সকাল থেকে দুপুর পর্যন্ত ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। ছবি: সংগৃহীত


‎রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন সম্পন্ন হয়েছে। শনিবার (৯ মে) রুয়েট অডিটোরিয়ামে সকাল থেকে দুপুর পর্যন্ত ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।

এতে জানানো হয়, কাল রোববার (১০ মে) থেকে সব বিভাগে ক্লাস শুরু হবে। ক্লাস শুরুর পর প্রথম ১০ শিক্ষা দিবস অনুপস্থিত থাকলে বাতিল হবে ছাত্রত্ব।

‎

‎তিন ধাপে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৮টায় পুরকৌশল অনুষদভুক্ত বিভাগসমূহের শিক্ষার্থী, সকাল ১০টায় তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদভুক্ত বিভাগসমূহের শিক্ষার্থী এবং সবশেষ ১১টায় অনুষ্ঠিত হয় যন্ত্রকৌশল অনুষদভুক্ত বিভাগসমূহের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন।

‎

‎রুয়েট ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রুয়েট উপাচার্য অধ্যাপক ড. এস. এম. আব্দুর রাজ্জাক।

‎রুয়েট উপাচার্য ড. এস. এম. আব্দুর রাজ্জাক নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, ‘রুয়েট একটি ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয়, এর শিক্ষার্থীরা দেশ-বিদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সাফল্যের সঙ্গে নেতৃত্ব দিচ্ছে। আজ তোমরা জীবনের নতুন এক অধ্যায়ে পদার্পণ করলে। আমি আশা করি, পড়াশোনার পাশাপাশি তোমরা মানবিক মূল্যবোধ ও নেতৃত্বগুণে নিজেদের সমৃদ্ধ করবে।’

আগামীর স্মার্ট বাংলাদেশ গঠনে শিক্ষার্থীদের ভূমিকা গুরুত্বপূর্ণ হবে জানিয়ে রুয়েট উপাচার্য বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তোমাদের জন্য সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।’

‎

‎ড. মো. রবিউল ইসলাম সরকার বলেন, ‘আজ থেকে তোমরা রুয়েট পরিবারের সদস্য। বিশ্ববিদ্যালয় জীবন একজন শিক্ষার্থীর জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়। এই পথচলাকে সুন্দর, নিরাপদ ও শিক্ষাবান্ধব করে তোলাই ছাত্রকল্যাণ দপ্তরের অন্যতম দায়িত্ব। ক্যাম্পাসে র‌্যাগিং ও বুলিংবিরোধী নীতিমালা বাস্তবায়নের পাশাপাশি শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যবিমাসহ বিভিন্ন কল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. বশির আহমেদ, যন্ত্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম এবং পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. কামরুজ্জামানসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, দপ্তর পরিচালক ও প্রশাসনিক কর্মকর্তারা।