শহীদ মিনারে ডাকসু নেতাদের শ্রদ্ধা, সর্ব মিত্র চাকমার প্রতিক্রিয়া

অমর একুশে ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদস্যরা। শুক্রবার দিবাগত রাত ১২টার পর ডাকসু ভিপি সাদিক কায়েম ও জিএস ফরহাদরা শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধ জানাতে যান।
তবে এই শ্রদ্ধা নিবেদনের বিষয়ে ছাত্র সংসদের সব সদস্যকে না জানানোর অভিযোগ তুলেছেন ডাকসুর কার্যনির্বাহী সদস্য সর্ব মিত্র চাকমা।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত ১২টা ৪৮ মিনিটে ফেসবুকে নিজের আইডিতে এক পোস্টে এ প্রতিক্রিয়া জানান সর্ব মিত্র। পোস্টে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সৌজন্যে পাওয়া শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের লাইভ অনুষ্ঠানের একটি স্ক্রিনশট শেয়ার করেন তিনি।
পোস্টে তিনি লিখেছেন, ‘হেমা চাকমা, ফাতেমা তাসনিম জুমা, সর্ব মিত্র চাকমা, রাফিয়া, উম্মে সালমা and others আমরা বাংলাদেশ টেলিভিশনের বদৌলোতে জানলাম ডাকসু শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করতে গেছে, হাহা!’
সর্ব মিত্রের স্ক্রিনশটটিতে দেখা যায়, ডাকসু ভিপি সাদিক কায়েম ও সাধারণ সম্পাদক এস এম ফরহাদ ছাড়াও আরও কয়েকজন শহীদ মিনারে ভাষাশহীদদের শ্রদ্ধা জানিয়েছেন।
তার এই পোস্টে প্রায় ৭ হাজারের মতো রিঅ্যাকশন পড়েছে। আর কমেন্ট করা হয়েছে প্রায় ৩০০। এসব কমেন্টে ফেসবুক ব্যবহারকারীরা নানা ধরনের সমালোচনা করেছেন। বিষয়টিকে ডাকসু সদস্যদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল বলছেন মন্তব্যকারীরা।