শিগগিরই প্রাথমিকের শিক্ষার্থীদের জন্য মিড-ডে মিল চালু: শিক্ষামন্ত্রী

সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষার্থীদের শিগগিরই ‘মিড-ডে মিল’ প্রদান করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
তিনি আরও বলেন, সরকার শিক্ষাকে আনন্দময় করে তোলার লক্ষ্যে শিক্ষা খাতের সব ধরনের সমস্যা সমাধানে কাজ করছে।
রোববার (১৪ জুন) ইউনিসেফ আয়োজিত ‘ভ্যালিডেশন ওয়ার্কশপ অন দ্য বাংলাদেশ এডুকেশন সেক্টর এনালাইসিস (ইএসএ) ২০২৬’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, আগামী জুলাইয়ের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের সাড়ে চার লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ করা হবে। এ ছাড়া প্রাথমিকের সব শিক্ষার্থীদের শিগগির মিড-ডে মিল প্রদান করা হবে।
তিনি আরও বলেন, আমরা চাই প্রাথমিক পর্যায় থেকেই শিক্ষার্থীরা মূল্যবোধ নিয়ে নিয়ে গড়ে উঠুক। এ জন্য প্রাথমিক শিক্ষাক্রমে চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা, সংস্কৃতি, নৈতিকতা, ধর্মীয় মূল্যবোধসহ বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে।
শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশের ‘ডেমোগ্রাফিক ডিভিডেন্ট’-এর সুবিধা কাজে লাগিয়ে দেশের বিপুল জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। এ জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীর বাংলাদেশ গড়তে শিক্ষা খাতে অগ্রাধিকার দিয়ে কাজ করছেন।
অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া, ক্যাম্পেইন ফর পপুলার এডুকেশনের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী, ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স, ব্রিটিশ হাইকমিশনের ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের ডেপুটি ডেভেলপমেন্ট ডিরেক্টর মার্টিন ডসন, বাংলাদেশে ইউরোপিয়ন ইউনিয়ন ডেলিগেশনের মিনিস্টার কাউন্সিলর মাইকেল ক্রেজা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।