logo

ইন্দোনেশিয়ার বিশ্ববিদ্যালয়ে চাকরি পেলেন সিকৃবির অধ্যাপক মামুন

ইন্দোনেশিয়ার বিশ্ববিদ্যালয়ে চাকরি পেলেন সিকৃবির অধ্যাপক মামুন

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ফিশারিজ অনুষদের ফিশ হেলথ ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. মো. আবদুল্লাহ আল মামুন ইন্দোনেশিয়ার ব্রাউইজায়া বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন প্রফেসর হিসেবে যোগদানের আমন্ত্রণ পেয়েছেন।

গত ৮ এপ্রিল ব্রাউইজায়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পাঠানো এক আনুষ্ঠানিক চিঠিতে তাকে বিশ্ববিদ্যালয়টির ভেটেরিনারি মেডিসিন অনুষদের অধীন মৎস্য স্বাস্থ্য বিভাগে যুক্ত করার সিদ্ধান্ত জানানো হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, খণ্ডকালীন প্রফেসর হিসেবে তার দায়িত্বের মধ্যে থাকবে যৌথ গবেষণা কার্যক্রম পরিচালনা, স্কোপাস ইনডেক্সড কিউ১ ও কিউ২ জার্নালে গবেষণাপত্র প্রকাশে সহযোগিতা, আন্তর্জাতিক অঙ্গনে বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধিতে ভূমিকা রাখা, বিভিন্ন গবেষণা জার্নালের রিভিউয়ার ও অতিথি সম্পাদক হিসেবে দায়িত্ব পালন এবং শিক্ষার্থীদের জন্য লেকচার প্রদান।

এ বিষয়ে অধ্যাপক আবদুল্লাহ আল মামুন বলেন, আমি মহান আল্লাহর কাছে কৃতজ্ঞ। ‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং আমার সহকর্মীদের নিরবচ্ছিন্ন সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। ব্রাউইজায়া বিশ্ববিদ্যালয়ের মতো একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে কাজের সুযোগ পাওয়া নিঃসন্দেহে সম্মানের। এর মাধ্যমে আমার আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা আরও সুদৃঢ় হবে।’

অধ্যাপক ড. আবদুল্লাহ আল মামুন ২০২১ সালে দেশের মাছের জন্য প্রথম ‘বায়োফিল্ম’ নামক একটি ওরাল ভ্যাকসিন উদ্ভাবন করেন, যা মৎস্য খাতে একটি উল্লেখযোগ্য সংযোজন হিসেবে বিবেচিত হয়।