দক্ষিণ আফ্রিকায় সমাবর্তনে বক্তা হলেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য

দক্ষিণ আফ্রিকার খ্যাতনামা পাবলিক বিশ্ববিদ্যালয় সল প্লাকি ইউনিভার্সিটির সমাবর্তনে বক্তব্য দিয়েছেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী।
শুক্রবার (১৭ এপ্রিল) দেশটির ‘ডায়মন্ড সিটি’ খ্যাত কিম্বারলিতে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অডিটোরিয়ামে জাঁকজমকপূর্ণ পরিবেশে সমাবর্তন অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে বিভিন্ন অনুষদের প্রায় দেড় হাজার শিক্ষার্থীকে ডিগ্রি দেওয়া হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের আচার্য ড. থেবে ইকালাফেং, উপাচার্য প্রফেসর ড. ডেবরা মিয়ার, দেশি-বিদেশি অতিথিসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
প্রফেসর সোবহানী বক্তৃতায় এ সম্মান ও আমন্ত্রণের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি গ্র্যাজুয়েটদের নিজেদের পরিবার, বিশ্ববিদ্যালয় ও সমাজের কল্যাণে তাদের দায়িত্ব পালনের আহ্বান জানান এবং আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের যোগ্যতার স্বাক্ষর রাখার জন্য উদ্বুদ্ধ করেন।
তিনি শিক্ষার্থীদের নোবেল বিজয়ী বিশ্বনেতা ও দক্ষিণ আফ্রিকার সাবেক রাষ্ট্রপতি নেলসন ম্যান্ডেলার আদর্শে অনুপ্রাণিত হওয়ার আহ্বান জানান। ১৯৯৭ সালে ম্যান্ডেলার ঐতিহাসিক বাংলাদেশ সফরের স্মৃতিচারণ করেন তিনি।