এইচএসসির প্রশ্নপত্রের গোপনীয়তা রক্ষায় শিক্ষা বোর্ডের কঠোর নির্দেশনা

২০২৬ সালের এইচএসসি পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও প্রশ্নপত্রের সর্বোচ্চ গোপনীয়তা নিশ্চিত করতে পরীক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাদের জন্য কঠোর নির্দেশনা জারি করেছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।
মঙ্গলবার (৭ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক চিঠিতে প্রশ্নপত্র ব্যবস্থাপনা নিয়ে নির্দেশনা দেওয়া হয়।
চিঠিতে এইচএসসি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্রের সর্বোচ্চ নিরাপত্তা ও গোপনীয়তা নিশ্চিত করতে প্রশ্নপত্র গ্রহণ, সংরক্ষণ, কেন্দ্রে প্রেরণ এবং পরীক্ষার্থীদের মধ্যে বিতরণের প্রতিটি ধাপে সংশ্লিষ্টদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার কথা জানানো হয়।
পরীক্ষা চলাকালীন কক্ষে কোনোভাবেই প্রয়োজনের অতিরিক্ত প্রশ্নপত্র না দেওয়া, প্রশ্নপত্র বিতরণ শেষ হওয়ার পর অবশিষ্ট বা অব্যবহৃত প্রশ্নপত্রগুলো তাৎক্ষণিকভাবে নির্ধারিত পদ্ধতিতে নিরাপদ স্থানে সংরক্ষণ করা, কোনো অবস্থাতেই প্রশ্নপত্র বা এর কোনো অংশ পরীক্ষা কক্ষের বাইরে না নিতে কঠোর নির্দেশনা দেওয়া হয়।
নির্দেশনাগুলো কঠোরভাবে অনুসরণের জন্য ও এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দেশের সকল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক, জেলা প্রশাসক (ডিসি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের অনুরোধ জানানো হয়েছে।





