Advertisement

পিছিয়ে যাচ্ছে এসএসসির ফল প্রকাশ, সম্ভাব্য তারিখ কবে

এশিয়া পোস্ট ডেস্ক
পিছিয়ে যাচ্ছে এসএসসির ফল প্রকাশ, সম্ভাব্য তারিখ কবে
ছবি : সংগৃহীত

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ২০ জুলাই প্রকাশের লক্ষ্য নিয়ে কাজ করছিল বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড। তবে নির্ধারিত সময়ের মধ্যে ফল প্রকাশের প্রয়োজনীয় কারিগরি ও প্রশাসনিক কাজ শেষ না হওয়ায় তা কিছুটা পিছিয়ে যাচ্ছে।

শনিবার (১৮ জুলাই) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আগামী ২০ জুলাই ফল প্রকাশ করার লক্ষ্যে আমাদের জোর প্রস্তুতি চলছিল। শিক্ষামন্ত্রীর নির্দেশে শিক্ষা বোর্ডগুলোকে প্রস্তুত থাকতে বলা হয়েছিল এবং বোর্ডগুলো সে অনুযায়ী কাজ গুছিয়ে এনেছিল। তবে প্রশাসনিক অন্যান্য জরুরি কাজ থাকায় প্রত্যাশিত সময়ের মধ্যে সব প্রক্রিয়া শেষ করা সম্ভব হয়নি। এই কারণে ফল প্রকাশে আরও কয়েক দিন বাড়তি সময় লাগবে।

কবে নাগাদ ফলাফল প্রকাশ হতে পারে—এমন প্রশ্নের জবাবে বোর্ড চেয়ারম্যান বলেন, ‘আমরা আশা করছি, চলতি জুলাই মাসের মধ্যেই সব কাজ গুছিয়ে চূড়ান্ত ফলাফল প্রকাশ করতে পারব।’

এর আগে অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছিলেন, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ২০ জুলাইকে সম্ভাব্য দিন ধরে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের সব কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। সরকারের নির্দেশনা মোতাবেক নির্ধারিত সময়ের মধ্যে ফল প্রকাশের লক্ষ্যেই শিক্ষা বোর্ডগুলো কাজ করে যাচ্ছে।

প্রথা অনুযায়ী, এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল সাধারণত লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে প্রকাশ করা হয়ে থাকে।

উল্লেখ্য, ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল গত ২১ এপ্রিল। এর মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডগুলোর লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে। আর মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিল এবং কারিগরি বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার লিখিত অংশ শেষ হয় ২৪ মে।

চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী ফরম পূরণ করে। এর মধ্যে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডে এসএসসিতে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদ্রাসা বোর্ডে দাখিলে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন শিক্ষার্থী।