logo
Advertisement

ইবতেদায়ি বৃত্তি পরীক্ষার ফরমপূরণ শুরু ২ সেপ্টেম্বর

এশিয়া পোস্ট প্রতিবেদক
ইবতেদায়ি বৃত্তি পরীক্ষার ফরমপূরণ শুরু ২ সেপ্টেম্বর
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। ছবি: ওয়েবসাইট থেকে নেওয়া

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের ইবতেদায়ি ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষার অনলাইন ফরমপূরণ প্রক্রিয়া আগামী ২ সেপ্টেম্বর থেকে শুরু হবে।

Advertisement

বৃহস্পতিবার (২৭ আগস্ট) মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. ফারুক আহম্মেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফরমপূরণ কার্যক্রম আগামী ১২ সেপ্টেম্বর পর্যন্ত চলমান থাকবে। তবে অনলাইনে সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে বোর্ড ফি জমা দেওয়ার সর্বশেষ সময়সীমা নির্ধারণ করা হয়েছে ১১ সেপ্টেম্বর।

বোর্ডের নির্দেশনানুযায়ী, অনুমোদিত স্বতন্ত্র ও সংযুক্ত ইবতেদায়িসহ বিভিন্ন স্তরের মাদ্রাসায় ৫ম শ্রেণিতে অধ্যয়নরত সর্বোচ্চ ৪০ শতাংশ শিক্ষার্থী এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে। প্রত্যেক পরীক্ষার্থীর জন্য ৪০০ টাকা বোর্ড ফি এবং ২০০ টাকা কেন্দ্র ফি নির্ধারণ করা হয়েছে, যা মাদ্রাসা প্রধানের মাধ্যমে সংশ্লিষ্ট কেন্দ্র সচিবের অনুকূলে জমা দিতে হবে।

প্রতিষ্ঠানগুলোকে সরাসরি নির্ধারিত ওয়েবসাইটের (www.ebmeb.gov.bd) মাধ্যমে প্রতিষ্ঠানের EIIN এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ফরমপূরণের ক্ষেত্রে শিক্ষার্থীদের নিজ নাম, পিতা-মাতার নাম এবং জন্ম নিবন্ধন নম্বর অবশ্যই ডিজিটাল জন্ম সনদ ও ভর্তি রেজিস্টার অনুযায়ী নির্ভুলভাবে ইনপুট দেওয়ার জন্য কঠোর নির্দেশনা দিয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ড।