logo

ইবির জিয়া হলের প্রভোস্টের কক্ষে তালা দিল শিক্ষার্থীরা

ইবির জিয়া হলের প্রভোস্টের কক্ষে তালা দিল শিক্ষার্থীরা
ছবি: সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শহীদ জিয়াউর রহমান হলে সিট বরাদ্দে অনিয়ম ও বিশৃঙ্খলার প্রতিবাদে প্রভোস্টের কক্ষে তালা দিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগী শিক্ষার্থীরা।

শনিবার (৯ মে) শিক্ষার্থীরা প্রভোস্ট কক্ষের সামনে বিছানা পেতে এ কর্মসূচি পালন করেন।

শিক্ষার্থীরা জানান, হলের ফি পরিশোধ করে রশিদ জমা দিয়েছেন তারা। তালিকায়ও নাম আছে। এরপরও নির্ধারিত কক্ষে উঠতে পারছেন না। মেস ছেড়ে হলে আসা কেউ কেউ এখন থাকার জায়গা পাচ্ছেন না। এতে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে আজ প্রভোস্ট কক্ষে তালা দিয়ে প্রতিবাদে নামেন।

মৌখিক আশ্বাসে শিক্ষার্থীরা আস্থা রাখতে পারছেন না বলে জানান তারা। তাদের দাবি, দ্রুত তদন্ত সাপেক্ষে স্বচ্ছ প্রক্রিয়ায় সিট পুনর্বণ্টন করতে হবে।

এ বিষয়ে হল প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী বলেন, ‘আমাকে হলের কর্মকর্তারা যে তথ্য সংগ্রহ করে দিয়েছে, তার ভিত্তিতে বরাদ্দ দিয়েছি। এতে তথ্য গড়মিল ছিল। প্রশাসনও যথেষ্ট সহযোগিতা করছে না। প্রশাসনের সঙ্গে আলাপ করে দেখছি।’