ঢাবিতে চলছে ছাত্র ফ্রন্টের সাম্রাজ্যবাদবিরোধী ফুটবল টুর্নামেন্ট

এশিয়া পোস্ট প্রতিবেদক
ঢাবিতে চলছে ছাত্র ফ্রন্টের সাম্রাজ্যবাদবিরোধী ফুটবল টুর্নামেন্ট
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মাঠে টুর্নামেন্ট উদ্বোধন। ছবি: এশিয়া পোস্ট

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী ফুটবল টুর্নামেন্ট।

শুক্রবার (৩ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মাঠে টুর্নামেন্ট উদ্বোধন এবং এর নকআউট পর্ব অনুষ্ঠিত হয়েছে।

টুর্নামেন্টের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক তানজিম উদ্দিন খান।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, বিশ্বজুড়ে খেলাধুলা শুধু বিনোদনের বিষয় নয়, শিক্ষা, সংস্কৃতি ও রাজনৈতিক চেতনারও একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। উপনিবেশিক আমলে, বিশেষ করে ব্রিটিশবিরোধী আন্দোলনের সময় খেলাধুলাও প্রতিরোধের ভাষা হয়ে উঠেছিল। ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বর্ণবাদী আধিপত্যের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজের উত্থান তার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। খেলাধুলার মাধ্যমে তারা আত্মমর্যাদা, স্বাধীনতা ও প্রতিরোধের চেতনা গড়ে তুলেছিল।

তিনি বলেন, আজকের বাংলাদেশেও যখন মার্কিন চুক্তি ও সাম্রাজ্যবাদী প্রভাব নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে, তখন খেলাধুলাকে মানুষের সঙ্গে যোগাযোগ ও রাজনৈতিক চেতনা গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে দেখতে হবে। ফুটবলসহ বিভিন্ন খেলা শুধু বিনোদন নয়, প্রতিবাদেরও ভাষা হতে পারে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য অধ্যাপক ডা. হারুন-অর-রশিদ এবং ডা. জয়দীপ ভট্টাচার্য।

টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে ছয়টি দল। সেগুলো হলো- সত্যেন বোস পাঠাগার (ঢাকা বিশ্ববিদ্যালয়), শহীদ রুমী সংসদ (ঢাকা কলেজ), অগ্নিসেতু (প্রাইভেট বিশ্ববিদ্যালয়), সংকল্প (সরকারি বাংলা কলেজ), কথন (নারায়ণগঞ্জ) ও যুবচেতনা (বাংলাদেশ যুব ফ্রন্টের মুখপত্র)। টুর্নামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১০ জুলাই এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ১৭ জুলাই।