খাগড়াছড়ির দুই শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ; জেলায় পাসের হার ৩৫.৫৬ শতাংশ

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় খাগড়াছড়ি জেলায় অংশ নেয়া ৭ হাজার ৭৭৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২ হাজার ৭৬৬ জন। এদিকে জেলার দুটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে অংশ নেওয়া কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি।
জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের তথ্যমতে, কোনো পরীক্ষার্থী পাস না করা বিদ্যালয় দুটি হলো খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া বালিকা উচ্চ বিদ্যালয় ও দীঘিনালা উপজেলার জারুলছড়ি হেডম্যান পাড়া উচ্চ বিদ্যালয়। এদিকে পানছড়ি উপজেলার লোগাং উচ্চ বিদ্যালয়ে পাসের হার মাত্র ৮ শতাংশ।
ভাইবোনছড়া বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এবার ১৭ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে একজনও পাস করেনি। অন্যদিকে দীঘিনালা উপজেলার জারুলছড়ি হেডম্যান পাড়া উচ্চ বিদ্যালয় থেকে ১৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিলেও কেউ উত্তীর্ণ হতে পারেনি।
খাগড়াছড়িতে ২০২৬ এ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ফলাফল নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে ২টি স্কুলের কোনো পরীক্ষার্থীই পাস না করা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার মান, পাঠদান ও শিক্ষার্থীদের প্রস্তুতির বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।
এ বিষয়ে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সুভাষচন্দ্র শিকদার এশিয়া পোস্টকে বলেন, দুটি বিদ্যালয়ের কোনো শিক্ষার্থী পাস না করার বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। ফলাফল পর্যালোচনা করে শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এবং যে দুইটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শতভাগ অকৃতকার্য হয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর শিক্ষকদের সঙ্গে আলোচনা করে দুর্বলতা কাটিয়ে শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে যাতে আগামীতে এমন ফলাফল আর না হয়।
খাগড়াছড়ি জেলায় এবার পাসের হার ৩৫ দশমিক ৫৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১৯০ জন।
এদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে খাগড়াছড়ি জেলায় পরীক্ষার্থী ছিল ৭৬৮ জন। তাদের মধ্যে পাস করেছে ৪০০ জন। মাদ্রাসা শিক্ষায় পাসের হার ৫২ দশমিক ০৮ শতাংশ।
অন্যদিকে, খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার ১৬৮ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ১৬২ জন পাস করেছে। প্রতিষ্ঠানটির পাসের হার প্রায় ৯৬ দশমিক ৪৩ শতাংশ। এ প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পেয়েছে ৬৫ জন।
.png)

