প্রথম শ্রেণিতে ভর্তিতে লটারি, দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রী ভর্তি নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এই নীতিমালা প্রকাশ করা হয়।
প্রথম শ্রেণিতে ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে। আর দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা নিয়ে ছাত্র-ছাত্রী ভর্তি করা হবে। এসব শ্রেণিতে লিখিত পরীক্ষার মাধ্যমে মেধাক্রম অনুসারে শিক্ষার্থী বাছাই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
নীতিমালার তথ্যমতে, লিখিত পরীক্ষার ক্ষেত্রে দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণিতে এক ঘন্টায় ৫০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে। এর মধ্যে বাংলায় ১৫, ইংরেজিতে ১৫ ও গণিতে ২০ নম্বর নির্ধারিত থাকবে।
এ ছাড়া ষষ্ঠ থেকে নবম শ্রেণিতে দুই ঘণ্টায় ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা নেওয়া হবে। এর মধ্যে বাংলায় ৩০, ইংরেজিতে ৩০ ও গণিতে ৪০ নম্বর নির্ধারিত থাকবে।
অনলাইনে প্রথম শ্রেণিতে ভর্তির আবেদন ফরমের জন্য সর্বোচ্চ ১১০ টাকা এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি আবেদন ফরমের জন্য সর্বোচ্চ ২৫০ টাকা গ্রহণ করা যাবে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে সেশন চার্জসহ ভর্তি ফি নির্ধারণ করতে হবে।
প্রথম শ্রেণিতে ৬ বছরের বেশি বয়সি শিক্ষার্থীদের ভর্তি করা হবে। বিশেষ চাহিদাসম্মপন্ন শিক্ষার্থীর বয়স নির্ধারণে সর্বোচ্চ ৫ বছরের অতিরিক্ত সুবিধা দেওয়া যাবে। প্রতি শ্রেণি শাখায় শিক্ষার্থীর সংখ্যা হবে ৫৫ জন।
প্রথম শ্রেণিতে ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কেন্দ্রীয়ভাবে ভর্তি কার্যক্রম সম্পন্ন করবে। আবেদনের ক্ষেত্রে একজন শিক্ষার্থী সর্বোচ্চ ৫টি প্রতিষ্ঠানে পছন্দক্রম দিতে পারবে।

