এইচএসসিতে কমেছে জিপিএ-৫

এইচএসসি ও সমমান পরীক্ষায় দেশে জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী। গত বছর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিল ৬৯ হাজার ৯৭ জন। সেই হিসাবে এবার জিপিএ-৫ কম পেয়েছেন ২৯ হাজার ১৩ জন।
শনিবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় প্রকাশিত ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।
সর্বশেষ পাওয়া তথ্যমতে, এ বছর এইচএসসি ও সমমানে পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী।
ঢাকা বোর্ডে পাসের হার ৬১ দশমিক ৮০, চট্টগ্রাম বোর্ডে ৫২ দশমিক ০৭, যশোর বোর্ডে ৪৪ দশমিক ৯২, বরিশাল বোর্ডে ৪৪ দশমিক ৮৪, সিলেট বোর্ডে ৫০ দশমিক ৯০, কুমিল্লা ৪৮ দশমিক ০৪, ময়মনসিংহ ৫১ দশমিক ৪৪, দিনাজপুর বোর্ডে ৪৫ দশমিক ৯৮, রাজশাহী বোর্ডে ৪৫ দশমিক ০৬ শতাংশ। এছাড়া মাদ্রাসা বোর্ডে পাস করেছেন ৬১ দশমিক ০৭ শতাংশ।
চলতি বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন।
গত ২ জুলাই এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। ৮ আগস্ট লিখিত পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগ ও বন্যার কারণে চট্টগ্রামসহ কয়েকটি শিক্ষা বোর্ডের কিছু পরীক্ষা স্থগিত করে পরে তা নেওয়া হয়। ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন হয়।
