গণ বিশ্ববিদ্যালয়ে বিনামূল্যে ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পেইন

বিশ্ব ভেটেরিনারি দিবস উপলক্ষ্যে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) বিনামূল্যে ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পেইন ও টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিমেল ওয়েলফেয়ার ক্লাব (ভি-ম্যাক) এবং গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (গকসু) যৌথ উদ্যোগে সোমবার (২৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী নলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে দিনব্যাপী এ কর্মসূচি আয়োজন করা হয়।
কর্মসূচিতে স্থানীয় খামারি ও পশুপালকদের গবাদিপশুর স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ প্রদান এবং বিভিন্ন রোগ প্রতিরোধে টিকাদান কার্যক্রম পরিচালনা করা হয়। পাশাপাশি প্রাণিসম্পদের স্বাস্থ্য সুরক্ষা, রোগ প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন পরামর্শও দেওয়া হয়। স্বাস্থ্যসেবা প্রদান করেন গবির ভেটেরিনারি অনুষদের শিক্ষকবৃন্দ এবং ভেটেরিনারি টিচিং হাসপাতালের চিকিৎসক ডা. রুহুল আমিন।
আয়োজকরা জানান, এ কর্মসূচিতে মোট ১ হাজার ১২টি প্রাণীকে চিকিৎসাসেবা দেওয়া হয়। এর মধ্যে ছিল ২০টি ভেড়া, ৩৮টি ছাগল, ৮৮৭টি পোল্ট্রি, ৬৭টি গরু এবং ১৪টি কুকুর-বিড়াল। বিনামূল্যে এ সেবা পেয়ে স্থানীয় খামারি ও পশুপালকরা সন্তোষ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
ভি-ম্যাকের সাধারণ সম্পাদক মো. আনসারুজ্জামান সিয়াম বলেন, সাধারণ মানুষের মাঝে প্রাণিসম্পদ ও পশুপাখির স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে সচেতনতা বৃদ্ধি করাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য। একই সঙ্গে এটি ভেটেরিনারি শিক্ষার্থীদের ব্যবহারিক দক্ষতা ও বাস্তব অভিজ্ঞতা অর্জনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ভি-ম্যাকের সভাপতি তারেক জাহান বলেন, খামারি ও পশুপালকদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং পশু-পাখির বিভিন্ন রোগবালাই সম্পর্কে জ্ঞানের পরিধি বিস্তৃত করাই ছিল কর্মসূচির প্রধান লক্ষ্য। সঠিক পরিচর্যা, নিয়মিত টিকাদান ও প্রয়োজনীয় চিকিৎসা সম্পর্কে পর্যাপ্ত ধারণার অভাবে অনেক খামারি আর্থিক ক্ষতির সম্মুখীন হন বলেও তিনি উল্লেখ করেন।
গকসুর সাধারণ সম্পাদক রায়হান খান বলেন, প্রাণিসম্পদের সুস্বাস্থ্য শুধু খামারির অর্থনৈতিক সমৃদ্ধির সঙ্গে নয়, বরং জনস্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তার সঙ্গেও সরাসরি সম্পর্কিত। এ ধরনের আয়োজন রোগ প্রতিরোধ, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
কর্মসূচির সার্বিক সহযোগিতায় ছিল দ্য এসিএমই ল্যাবরেটরিজ লিমিটেড, কেমিস্ট ল্যাবরেটরিজ লিমিটেড এবং এফএনএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড।