logo

প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষায় পাস ১৪৯৪২ জন

প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষায় পাস ১৪৯৪২ জন

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার এমসিকিউ ফল প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।  

বুধবার (২২ এপ্রিল) রাতে এ ফল প্রকাশ করা হয়। এতে মোট ১৪ হাজার ৯৪২ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।

এনটিআরসিএ সূত্রে জানা গেছে, গত ১৮ এপ্রিল অনুষ্ঠিত এমসিকিউ পরীক্ষায় মোট ৫৩ হাজার ৬৯ জন প্রার্থী অনলাইনে আবেদন করেন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেন ৪৮ হাজার ১৪৬ জন। পরীক্ষার ফলাফলে মোট ১৪ হাজার ৯৪২ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।

পদভিত্তিক উত্তীর্ণদের রোল নম্বর (মেধাক্রম অনুযায়ী নয়) এনটিআরসিএর ওয়েবসাইটে (www.ntrca.gov.bd) প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে উত্তীর্ণ প্রার্থীদের মোবাইলে টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে এসএমএস পাঠিয়ে ফল জানানো হবে।

এনটিআরসিএ জানিয়েছে, উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি পরবর্তীতে তাদের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এ ছাড়া প্রকাশিত ফলাফল প্রয়োজনবোধে বিধি অনুযায়ী সংশোধনের অধিকার সংস্থাটি সংরক্ষণ করে।

‎গত শনিবার বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপার ও সহকারী সুপারের ১২ হাজার ৯৫১টি পদে নিয়োগে এমসিকিউ পদ্ধতিতে লিখিত পরীক্ষা রাজধানীর নয়টি শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হয়। ‎

‎এবারই প্রথম এনটিআরসিএ’র মাধ্যমে প্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান নিয়োগপ্রক্রিয়া চলছে। এই নিয়োগে এমসিকিউ পদ্ধতিতে লিখিত পরীক্ষা হয়েছে ৮০ নম্বরের। উত্তীর্ণ প্রার্থীদের ৮ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। বাকি ১২ নম্বর থাকবে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার ওপর।