logo

পিপলস ইউনিভার্সিটিতে ‘ইংলিশ ল্যাংগুয়েজ ডে’ উদযাপন

পিপলস ইউনিভার্সিটিতে ‘ইংলিশ ল্যাংগুয়েজ ডে’ উদযাপন

ইংরেজি সাহিত্যের দিকপাল লেখক উইলিয়াম শেক্সপিয়ারের ৪৬২তম জন্মদিন উপলক্ষে দি পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশ (পিইউবি)-এর ইংরেজি বিভাগ ‘ইংলিশ ল্যাংগুয়েজ ডে’ পালন করেছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) কসপ্লে, কবিতা আবৃত্তি, গান পরিবেশনা এবং গবেষণামূলক প্রবন্ধ পাঠের  মাধ্যমে ‘শেক্সপিয়ার সিম্পোজিয়াম’-এর আয়োজন পালন করা হয়।

ইংরেজি বিভাগের একঝাঁক বর্তমান ও সাবেক শিক্ষার্থীসহ সব শিক্ষকের উপস্থিতিতে আইকিউএসি কনফারেন্স রুমে বেলা ১০টায় ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ফারজানা নেহেরিন দীপ্তি স্বাগত বক্তব্য প্রদান করেন। সূচনা পর্বে পিইউবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার শাহ্ নুরুন্নবী, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান ও দপ্তর প্রধানসহ ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. এ.কে.এম. মাহবুবুজ্জামান প্রধান অতিথি, পিইউবির উপদেষ্টা (পরিকল্পনা ও উন্নয়ন) মো. আবুবকর সিদ্দিক ও বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মুহাম্মদ নাজমুল হাসান বিশেষ অতিথি, বঙ্গীয় সাহিত্য সংস্কৃতি সংসদের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা সহিত্যের অধ্যাপক ড. রাজীব মন্ডল আলোচক এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের অধ্যাপক আহমেদ রেজা মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন।

মূল অনুষ্ঠানের প্রথম পর্বে ফারজানা নেহেরিন দীপ্তির নির্দেশনায় মঞ্চায়ন করা হয় ‘কসপ্লে: শেক্সপিয়ারস্ ওমেন’। এতে ইংরেজি বিভাগের বিভিন্ন ব্যাচে ছাত্রীরা পোশাক, মেকআপ ও অভিনয়ের মাধ্যমে শেক্সপিয়ারের বিখ্যাত নারীচরিত্র পোর্শিয়া, কর্ডেলিয়া, জুলিয়েট, ওফেলিয়া ও ডেসডিমোনাদের ব্যক্তিত্ব ও অঙ্গভঙ্গি ফুটিয়ে তোলার চেষ্ঠা করেন। এই কস্টিউম প্লে-তে ইংরেজি বিভাগের ছাত্রীদের মনোমুগ্ধকর অভিনয় উপস্থিত সকলকে সকলকে অভিভূত করেছে। এরপর ইংরেজি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ কবিতা আবৃত্তি ও গানের মাধ্যমে শেক্সপিয়ারকে স্মরণ করেন এবং প্রথম পর্বের শেষে সকলে মিলে কেক কেটে উইলিয়াম শেক্সপিয়ারের জন্মোৎষব পালন করেন। 

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল গবেষণামূলক প্রবন্ধ পাঠ।  শুরুতেই পিইউবির ইংরেজি বিভাগের সহকারি অধ্যাপক মো. সালাহ্উদ্দিন আল ফারুক তার উপস্থাপিত প্রবন্ধে এপার ও ওপার বাংলার স্বনামধন্য শেক্সপিয়ার সমালোচকদের তুলে ধরেন। এরপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের পিএইচডি রিসার্চ ফেলো চন্দ্রশেখর শিকদার শেক্সপিয়ার ও জীবনানন্দ দাশের নির্বাচিত সনেটের একটি তুলনামূলক আলোচনা উপস্থাপন করেন। 

তৃতীয় প্রবন্ধটি পাঠ করেন ইংরেজি সাহিত্যের অধ্যাপক ড. অমল চক্রবর্তী।  তিনি তার প্রবন্ধে শেক্সপিয়ার চর্চার একটি অভিনব উত্তর-ঔপনিবেশিক দিকনির্দেশ করেন। এরপর পিইউবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান বকুল মুন্সী শেক্সপিয়ারে নাটকে নির্দেশিত ক্ষমতা ও রাজনীতির আলোকে ২০২৪-এর ‘জুলাই বিপ্লব’ পরবর্তী  বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরেন। 

সবশেষে ইংরেজি বিভাগের চেয়ারম্যান প্রতাপ দত্ত ‘শেক্সপিয়ার ইন দ্যা অ্যানথ্যোপোসিন’ শিরোনামে একটি প্রবন্ধ উপস্থাপন করেন, যেখানে তিনি বাংলাদেশে আঘাত হানা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের প্রেক্ষাপটে শেক্সপিয়ারের ‘ওয়েদার প্লে’-গুলো পুনঃপাঠের প্রস্তাবনা করেছেন। 

উপস্থাপিত গবেষণামূলক প্রবন্ধসমূহের সার্বিক দিক নিয়ে জ্ঞানগর্ভ আলোচনা করেন অনুষ্ঠানের মুখ্য আলোচক অধ্যাপক আহমেদ রেজা।