আলোচনা-সমালোচনার মধ্যেই সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী

শিক্ষা ব্যবস্থা নিয়ে নানা আলোচনা-সমালোচনার মধ্যেই আগামীকাল সোমবার (২৮ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বেলা ১১ টায় এটি অনুষ্ঠিত হবে।
মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. তানভীর মিয়া এক বিজ্ঞপ্তিতে জানান, আসন্ন বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে জাতীয় স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত হবে।
জানা গেছে, এই সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হবেন তিনি।
প্রাথমিকে সহকারি শিক্ষক পদে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হলেও সহস্রাধিক প্রার্থী নিয়োগপত্র না পাওয়া নিয়ে গত কয়েকদিন ধরে সমালোচনা তুঙ্গে। এরই মধ্যে আজ (২৭ সেপ্টেম্বর) ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংযুক্ত কলেজ শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে পূর্বের উপাচার্যকে বহাল চেয়েছেন। গতকালই (২৬ সেপ্টেম্বর) এ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার।
শিক্ষার্থীরা নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমানকে প্রত্যাখ্যান করে সংবাদ সম্মেলনও করেছেন আজ (২৭ সেপ্টেম্বর)।
