‘হয় ফাঁসির কাষ্ঠে ঝুলব, নয়তো গুপ্ত শিবিরদের হত্যা করব’

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদলের সাবেক সভাপতি ওমর ফারুক বলেছেন, ‘আমরা ঘর থেকে বের হয়েছিলাম হাসিনার পতনের জন্য এবং আমাদের মাকে মুক্ত করার জন্য। জিয়া পরিবারকে নিয়ে যদি কোনো অশ্লীল স্ট্যাটাস দেওয়া হয়, তাহলে হয় আমরা মারব, নয় আমরা মরব। হয় আমরা ফাঁসির কাষ্ঠে ঝুলব, নয়তো আইন হাতে তুলে নিয়ে গুপ্ত শিবিরদের হত্যা করব।’
শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে ইসলামী বিশ্ববিদ্যালয়ে চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর ছাত্রশিবিরের হামলার অভিযোগে আয়োজিত বিক্ষোভ মিছিলে এসব কথা বলেন ওমর ফারুক। বিক্ষোভ মিছিলটি জিয়া মোড় থেকে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয়।
বিক্ষোভ মিছিলে ‘গুপ্তদের ঠিকানা এই ক্যাম্পাসে হবে না’, ‘গুপ্তদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’, ‘গুপ্ত যাদের অবস্থান, বাড়ি তাদের পাকিস্তান’, ‘জামায়াত-শিবির, গুপ্ত-গুপ্ত’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
শাখা ছাত্রদলের সদস্য সচিব মাসুদ রুমি মিথুন বলেন, ‘গুপ্তদের জবাব দেওয়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় প্রস্তুত আছে। আমরা অনেক ক্ষমা করেছি, আর ক্ষমা করব না। আপনারা ভালো না হলে আপনাদের ফয়সালা রাজপথেই হবে।’
শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, ২০১৪ সালে ছাত্রলীগ আমার ওপর যে গুলিবর্ষণ করেছিল, তখন মারা গেলে এত দিনে আমার কবরের মাটিও সমান হয়ে যেত। গুপ্ত বাহিনীকে ২০১৪ সালের পর থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়সহ পুরো বাংলাদেশে আর দেখা যায়নি। এই গুপ্ত বাহিনী নামে-বেনামে বিভিন্ন সংগঠন দখল করছে। এই গুপ্তদের প্রতিরোধ আমরা করবই করব। যারা প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করবে, তাদের শায়েস্তা আমরা করবই করব। এমন কোনো শক্তি নেই তাদের বাঁচাবে।
আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনারা যদি গুপ্তদের কার্যক্রমের বিরুদ্ধে ব্যবস্থা না নেন, তাহলে ছাত্রদল ব্যবস্থা নেবে।’
ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির ও সভাপতি রাকিবকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনারা আমাদের হাত বেঁধে রেখেছেন। আমাদের হাত খুলে দিতে হবে। আমরা অনেক ধৈর্য্য ধরেছি।’
ছাত্রশিবিরকে উদ্দেশ করে সাহেদ আহম্মেদ বলেন, ‘আপনারা ওপেন রাজনীতি করেন, গুপ্ত পরিচয়ে রাজনীতি করবেন না। আপনাদের কর্মীদের থামান, নয়তো কালকে থেকে পরিস্থিতি খারাপ হবে। প্রক্টর স্যারের কাছে লিখিত অভিযোগ দিয়েছি। প্রক্টর ও ভিসি স্যার ব্যবস্থা না নিলে কালকে থেকে ছাত্রদল ব্যবস্থা নেবে।’