ঢাকা পরিষ্কারে জাপান থেকে আসবে ৩০ সদস্যের দল: ঢাবি ভিসি

ঢাকা শহর পরিষ্কার করতে আগামী বছরের ফেব্রুয়ারিতে জাপান থেকে ৩০ সদস্যের একটি দল বাংলাদেশে আসবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
শনিবার (৩ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস পরিচ্ছন্ন ও সবুজ রাখতে দিনব্যাপী ‘ক্লিন ডে’ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে ডিএসসিসি ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, ঢাকা শহরকে পরিষ্কার করার জন্য আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে জাপান থেকে ৩০ জনের একটি টিম আসবে। তারা এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে চিঠি পাঠিয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এতে সম্মতি দিয়েছে বলে জানান তিনি।
তিনি বলেন, এটি একদিকে আনন্দের, অন্যদিকে কষ্টের যে আমাদের দেশ আমরা পরিষ্কার রাখতে পারছি না। এটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্য যে, বহির্বিশ্ব জানে বাংলাদেশে পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়টি আসলে সেই মাত্রায় নেই।
অন্যের ওপর নির্ভর না করে নিজেদের জায়গাগুলো নিজেদেরই পরিষ্কার রাখতে হবে বলে জানান তিনি।
প্রধান অতিথির বক্তব্যে ডিএসসিসি প্রশাসক বলেন, ১৭ বছর পরে গণতান্ত্রিক পথে আমরা হাঁটা শুরু করেছি। এখনই এই সরকারকে ফেলে দেওয়ার সময় আসেনি। এখনই এক দফায় যাওয়ার মতো সময় আসেনি, আপনার ধৈর্য ধরুন।
তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় দেশের বিভিন্ন আন্দোলন ও পরিবর্তনে পথ দেখিয়েছে। পরিচ্ছন্নতা অভিযান একদিনের মধ্যে সীমাবদ্ধ না রেখে নিয়মিত চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
বায়ুদূষণ ও অপরিচ্ছন্নতার কারণে ঢাকা বিশ্বে বিব্রতকর অবস্থায় থাকে মন্তব্য করে আব্দুস সালাম বলেন, এ পরিস্থিতি পরিবর্তনে সবাইকে নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব পালন করতে হবে।
