চট্টগ্রাম ও রাঙামাটি জেলায় বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

এশিয়া পোস্ট প্রতিবেদক
চট্টগ্রাম ও রাঙামাটি জেলায় বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
ছবি: সংগৃহীত

দেশের চলমান বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন চট্টগ্রাম ও রাঙামাটি জেলার বুধবারের (৮ জুলাই) এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির অবনতি বিবেচনা করে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চট্টগ্রাম ও রাঙামাটি জেলার এইচএসসি, আলিম, এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা ২০২৬ স্থগিত করা হলো।

তবে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন অন্যান্য জেলা—কক্সবাজার, বান্দরবান ও খাগড়াছড়ি এবং দেশের অন্যান্য সকল শিক্ষা বোর্ডের পরীক্ষা যথারীতি নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আমিরুজ্জামান স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় যে, স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি পরবর্তীতে সংশ্লিষ্টদের জানিয়ে দেওয়া হবে।

বন্যা পরিস্থিতির কারণে সংশ্লিষ্ট জেলাগুলোর শিক্ষার্থীদের যাতায়াত ও নিরাপত্তা নিশ্চিত করতেই এই জরুরি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়েছে।