logo

একাদশের ক্লাস শুরু আজ, চলছে দ্বিতীয় ধাপের আবেদন

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
একাদশের ক্লাস শুরু আজ, চলছে দ্বিতীয় ধাপের আবেদন
দ্বিতীয় ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ১ অক্টোবর। ছবি: গণমাধ্যম থেকে নেওয়া

সারা দেশে একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার। প্রথম ধাপে কলেজ মনোনয়ন পাওয়ার পর ভর্তি হওয়া ছাত্র-ছাত্রীদের নিয়ে এই ক্লাসের আয়োজন করা হয়েছে। অন্যদিকে দ্বিতীয় ধাপে ভর্তি আবেদন চলমান রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য মতে, চলতি বছরে এসএসসি ও সমমানে পাস করেছে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ শিক্ষার্থী। এর বিপরীতে প্রথম ধাপে কলেজ মনোনয়ন পাওয়ার পর কলেজ নিশ্চায়ন করেছে ৮ লাখ ৫৩ হাজার ৪৪১ জন শিক্ষার্থী। এই সাড়ে ৮ লাখ শিক্ষার্থী মূলত ভর্তি হয়েছে সারা দেশের কলেজগুলোতে। সে হিসেবে এখনো ভর্তির বাইরে রয়েছে ২ লাখ ৮৫ হাজার ৪৩৬ জন ছাত্র-ছাত্রী।

ভর্তির বাইরে থাকা শিক্ষার্থীদের নিয়ে একাদশে দ্বিতীয় ধাপে অনলাইনে ভর্তি আবেদন শুরু হবে আগামী ২৭ সেপ্টেম্বর (রোববার)। আবেদন প্রক্রিয়া চলবে ২৮ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত। দ্বিতীয় ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ১ অক্টোবর।

একাদশ শ্রেণিতে দ্বিতীয় ধাপে ভর্তির জন্য আবেদন করতে পারবেন তিন শ্রেণির ভর্তিচ্ছু শিক্ষার্থী। প্রথমত, যেসব শিক্ষার্থী আগে আবেদন করেনি বা আবেদন করেও কলেজ সিলেকশন পায়নি। দ্বিতীয়ত, যেসব শিক্ষার্থী চূড়ান্ত মনোনয়ন পেয়েছে কিন্তু কোনো কারণে নিশ্চায়ন করতে পারেনি বা নির্ধারিত সময়ে ভর্তি হতে পারেনি। তৃতীয়ত, যেসব শিক্ষার্থী চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন কিন্তু ভুল কোটা নির্ধারণ করায় ভর্তি হতে পারেননি। এরাই দ্বিতীয় ধাপে অনলাইনে আবেদন করতে পারবেন।