logo

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরিচয়পত্র বহন বাধ্যতামূলকসহ ১৪ পদক্ষেপ

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, সাভার (ঢাকা)
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরিচয়পত্র বহন বাধ্যতামূলকসহ ১৪ পদক্ষেপ
বিশ্ববিদ্যালয় প্রশাসনের সংবাদ সম্মেলন। ছবি: এশিয়া পোস্ট

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্রীকে ধর্ষণচেষ্টার ঘটনার পর নড়েচড়ে বসেছে কর্তৃপক্ষ। ক্যাম্পাসে নিরাপত্তায় শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী–সবার ক্ষেত্রে পরিচয়পত্র বহন বাধ্যতামূলক করাসহ ১৪টি পদক্ষেপ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার ২১ (মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. আবদুর রব ও প্রক্টর অধ্যাপক ড. এ.কে.এম. রাশিদুল আলম গৃহীত কার্যক্রম তুলে ধরেন।

এ সময় ট্রেজারার অধ্যাপক ড. মো. আবদুর রব জানান, ১২ মে রাতের ন্যক্কারজনক ঘটনার পরিপ্রেক্ষিতে বিভিন্ন সংগঠনের দাবি-দাওয়ার ভিত্তিতে ১৪টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিদ্ধান্তগুলো হলো–

তাৎক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা ও জবাবদিহি নিশ্চিতকরণে কুইক রেসপন্স টিম গঠন; দ্রুত নিরাপত্তাসংক্রান্ত অভিযোগ জানানোর জন্য হটলাইন নম্বর চালুকরণ; শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী– সবার জন্য পরিচয়পত্র বহন বাধ্যতামূলক করা; বহিরাগত প্রবেশ নিয়ন্ত্রণ ও তাদের পরিচয়পত্র প্রদর্শন ও লগবুক রেজিস্ট্রেশন ব্যবস্থা চালু; বর্তমান ও ভবিষতে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সব নির্মাণশ্রমিকদের পরিচয়পত্র বহন বাধ্যতামূলক করা; বর্তমানে চলমান নির্মাণ প্রকল্পের শ্রমিকদের তথ্য প্রকল্প পরিচালকের মাধ্যমে নিরাপত্তা শাখায় জমা প্রদান; দোকান কর্মচারীদের মালিক প্রদত্ত আইডি ও জাতীয় পরিচয়পত্র জমা, ক্যাম্পাস থেকে সব ভ্রাম্যমাণ দোকান অপসারণ করা, দোকান কর্মচারীদের তথ্য ডাটাবেজ তৈরি করে আইসিটি সেলের মাধ্যমে সংরক্ষণ; প্রতিটি গেটে দিনরাতের শিফটে প্রহরী সংখ্যা বৃদ্ধি করা হয়েছে এবং বাড়তি প্রহরী নিয়োগের প্রক্রিয়া শুরু করা হয়েছে; বিশ্ববিদ্যালয়ের যেসব গেট ও দেয়ালে ত্রুটি রয়েছে তা দ্রুত মেরামত করার উদ্যোগ গ্রহণ ও ঝুঁকিপূর্ণ স্থানে আলোকসজ্জার ব্যবস্থা গ্রহণের কার্যক্রম শুরু করা; সিসি ক্যামেরা স্থাপন এবং ঝুঁকিপূর্ণ স্থানে নজরদারি জোরদার করা।

এ সময় ট্রেজারার আরও বলেন, আলবেরুনী হল (টিনশেড) পরিত্যক্ত ঘোষণা ও অবিলম্বে তা ভেঙে ফেলে ল্যান্ডস্ক্যাপ উন্নয়নসহ বুলিং/র‍্যাগিং প্রতিরোধে ‘শিক্ষাপ্রতিষ্ঠানে বুলিং ও র‍্যাগিং প্রতিরোধসংক্রান্ত নীতিমালা ২০২৩’ সিন্ডিকেট সভায় একটি স্থায়ী কমিটি গঠন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ধর্ষণচেষ্টা ও প্রাণনাশ চেষ্টার ঘটনায় দায়ভার এবং সংশ্লিষ্ট দপ্তর/ব্যক্তির নিরাপত্তা সংক্রান্ত দায়ভার নিরূপণপূর্বক সুপারিশ প্রতিবেদন প্রদানের জন্য গত ১৬ মে সাত সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উক্ত কমিটি এ বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তাদের কার্যক্রম অব্যাহত রেখেছেন।

প্রক্টর অধ্যাপক ড. এ.কে.এম. রাশিদুল আলম বলেন, আসামিকে শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে ছবি প্রকাশসহ বিশ্ববিদ্যালয়ের পক্ষ হতে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। জেলা পুলিশ, র‍্যাব, র‍্যাব সদর দপ্তর, ডিবি, পিবিআই, সিআইডি ও ডিএমপি টিমসহ বিভিন্ন বাহিনী ম্যানুয়ালি অনুসন্ধান চালাচ্ছে। সারা দেশে আসামির ছবি প্রচার ও তাকে ধরতে পুলিশ সাইবার টিম ও র‍্যাব ইন্টেলিজেন্স উইং প্রযুক্তিগত অনুসন্ধান অব্যাহত রেখেছে। আসামিকে গ্রেপ্তারে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে নির্দেশনা প্রদান করা হয়েছে।

সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান, ও সহকারী প্রক্টররা প্রমুখ উপস্থিত ছিলেন।