logo

জাকসু নির্বাচন নিয়ে অধ্যাপক নাহরিনের বক্তব্য সত্য নয়: জাবি প্রশাসন

জাকসু নির্বাচন নিয়ে অধ্যাপক নাহরিনের বক্তব্য সত্য নয়: জাবি প্রশাসন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন নিয়ে ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. নাহরিন ইসলাম খানের বক্তব্য সত্য নয় বলে জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সম্প্রতি অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান বিভিন্ন গণমাধ্যমে ‘জাকসু নির্বাচনে ইঞ্জিনিয়ারিং দেখেছি’ শীর্ষক বক্তব্য দেন। এ বক্তব্যের পরিপ্রেক্ষিতে জাকসুর পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে একটি অভিযোগ দায়ের করা হয়। অভিযোগটি পর্যালোচনা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন স্পষ্টভাবে জানাচ্ছে যে, জাকসু নির্বাচন নিয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং-সংক্রান্ত অধ্যাপক নাহরিন ইসলাম খানের বক্তব্য সত্য নয়।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, নির্বাচন চলাকালীন কোনো প্রার্থীর পোলিং এজেন্ট কিংবা উপস্থিত শতাধিক গণমাধ্যম প্রতিনিধির পক্ষ থেকে এ ধরনের কোনো অভিযোগ উত্থাপন করা হয়নি। তবে নির্বাচন-পরবর্তী সময়ে কয়েকটি অভিযোগ পাওয়া গেলে, সেগুলো নিষ্পত্তির লক্ষ্যে উপাচার্য ও জাকসুর সভাপতি গঠনতন্ত্র অনুযায়ী একটি আপিল বোর্ড গঠন করেন। ওই বোর্ড উত্থাপিত সব অভিযোগ যথাযথভাবে নিষ্পত্তি করে সংশ্লিষ্টদের অবহিত করে। এতে করে দীর্ঘ ৩২ বছর পর অনুষ্ঠিত জাকসু নির্বাচনের নিরপেক্ষতা ও স্বচ্ছতা প্রমাণিত হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এতে বলা হয়, লিখিত অভিযোগ দায়েরের সুযোগ থাকা সত্ত্বেও অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান কোনো লিখিত অভিযোগ না দিয়ে গণমাধ্যমে জাকসু নির্বাচন নিয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ তোলেন। এমন বক্তব্য শুধু অগ্রহণযোগ্যই নয়, বরং অপ্রত্যাশিত ও দুঃখজনক বলেও মন্তব্য করে প্রশাসন।

বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, জাকসু নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। একই সঙ্গে জাকসু নির্বাচন নিয়ে বক্তব্য প্রদানের ক্ষেত্রে অধ্যাপক ড. নাহরিন ইসলাম খানসহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।