বিদ্যুৎ জটিলতায় খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয় চারদিন বন্ধ ঘোষণা

বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় জটিলতায় সিরাজগঞ্জের এনায়েতপুরে অবস্থিত খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কার্যালয় থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সব শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রে জটিলতার কারণে ২২ এপ্রিল দুপুর ১টা থেকে ২৫ এপ্রিল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। এরপর থেকে বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম যথানিয়মে চলবে।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম ২৩ এপ্রিল (বৃহস্পতিবার) যথারীতি চলবে।
বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের নির্দেশনায় রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।