logo
Advertisement

কক্সবাজারে হচ্ছে বিশেষায়িত ব্লু ইকোনমি ইউনিভার্সিটি

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
কক্সবাজারে হচ্ছে বিশেষায়িত ব্লু ইকোনমি ইউনিভার্সিটি
এআই নির্মিত ছবি

কক্সবাজারে ‘ইউনিভার্সিটি অব ব্লু ইকোনমি সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি (ইউবিইএসটি)’ নামে একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নিতে শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (১৪ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

বঙ্গোপসাগর ও উপকূলীয় অঞ্চলের বিপুল সম্ভাবনাময় সামুদ্রিক সম্পদ কাজে লাগাতে প্রয়োজনীয় দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হচ্ছে।

এর আগে, কক্সবাজারে এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাব দিয়ে প্রধানমন্ত্রীকে আধা-সরকারি পত্র দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (১৩ সেপ্টেম্বর) পাঠানো ওই চিঠিতে তিনি কক্সবাজারে অবস্থিত বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটের বিদ্যমান অবকাঠামো ও গবেষণা সুবিধা কাজে লাগিয়ে বিশ্ববিদ্যালয়টির অ্যাকাডেমিক ও ব্যবহারিক কার্যক্রম চালুর প্রস্তাব দেন।

স্বরাষ্ট্রমন্ত্রী চিঠিতে উল্লেখ করেন, বঙ্গোপসাগর ও উপকূলীয় অঞ্চলের সামুদ্রিক সম্পদ পূর্ণাঙ্গভাবে কাজে লাগাতে বিশেষায়িত উচ্চশিক্ষা, গবেষণা, ব্যবহারিক প্রশিক্ষণ ও দক্ষ মানবসম্পদ প্রয়োজন। এ ক্ষেত্রে দেশে এখনো যথেষ্ট ঘাটতি রয়েছে।

প্রস্তাব অনুযায়ী, ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটের বিদ্যমান ল্যাবরেটরি, গবেষণা সুবিধা, বৈজ্ঞানিক জনবল ও প্রশিক্ষণ পরিবেশ ব্যবহার করে প্রাথমিক পর্যায়ে সমুদ্রবিজ্ঞান, মৎস্য ও অ্যাকুয়াকালচার, সামুদ্রিক পরিবেশ, উপকূলীয় সম্পদ ব্যবস্থাপনা, ব্লু ইকোনমি, সামুদ্রিক তথ্য, পর্যটন ও হসপিটালিটি-সংশ্লিষ্ট বিষয়ে পাঠদান, গবেষণা, প্রশিক্ষণ ও ইন্টার্নশিপ কার্যক্রম শুরু করা যেতে পারে।

স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাবে বলা হয়, এতে শূন্য থেকে নতুন অবকাঠামো তৈরির জন্য দীর্ঘ সময় অপেক্ষা না করেই গবেষণামুখী ও ব্যবহারিক একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু করা সম্ভব হবে। পাশাপাশি দেশের ব্লু ইকোনমি খাতে দক্ষ মানবসম্পদ তৈরির সুযোগ তৈরি হবে।