logo

এবার স্কুলে ভর্তিতে এক জন্মনিবন্ধনে কতটি আবেদন করা যাবে

এবার স্কুলে ভর্তিতে এক জন্মনিবন্ধনে কতটি আবেদন করা যাবে
শ্রেণিকক্ষে ব্যস্ত এক শিক্ষার্থী। ছবি: এশিয়া পোস্ট

এবার স্কুলে ভর্তির ক্ষেত্রে একটি জন্মনিবন্ধন নম্বর দিয়ে মাত্র একটি আবেদন করা যাবে, নাকি বিগত বছরগুলোর মতো একাধিক আবেদনের সুযোগ থাকবে, তা নিয়ে চলছে নানা আলোচনা। তবে শিক্ষা মন্ত্রণালয়ের ভর্তি নীতিমালা ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) পরিপত্রে এমন কোনো বিধি-নিষেধ পাওয়া যায়নি।

শিক্ষা মন্ত্রণালয়ের ভর্তি নীতিমালা ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) পরিপত্রে এ বিষয়ে স্পষ্ট করা হয়েছে। গত ১০ নভেম্বর প্রকাশিত ভর্তি নীতিমালা এবং ১৯ নভেম্বর মাউশির জারি করা পরিপত্র অনুযায়ী, প্রথম শ্রেণিতে প্রতিটি আবেদনে সর্বোচ্চ পাঁচটি বিদ্যালয় পছন্দক্রমে নির্বাচন করা যাবে।

Advertisement

ভর্তি নীতিমালায় যা আছে

মাউশির পরিপত্রের ২ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, প্রথম শ্রেণিতে আবেদনের ক্ষেত্রে প্রার্থীরা প্রাপ্যতার ভিত্তিতে প্রতিটি আবেদনে সর্বোচ্চ পাঁচটি বিদ্যালয় পছন্দের ক্রমানুসারে নির্বাচন করতে পারবে। দুই শিফটের প্রতিষ্ঠানের ক্ষেত্রে উভয় শিফট পছন্দ করলে দুটি পছন্দক্রম হিসেবে বিবেচিত হবে। একই পছন্দক্রমের বিদ্যালয় কিংবা শিফট দ্বিতীয়বার পছন্দ করা যাবে না।

পরিপত্রে সুস্পষ্টভাবে ‘প্রতিটি আবেদনে সর্বোচ্চ পাঁচটি বিদ্যালয়’ পছন্দের কথা বলা হয়েছে। অর্থাৎ, পাঁচটি পছন্দক্রমের সীমা প্রতিটি আবেদনের জন্য প্রযোজ্য। একজন শিক্ষার্থীর মোট আবেদনের ক্ষেত্রে নয়।

শিক্ষা মন্ত্রণালয়ের ভর্তি নীতিমালা কিংবা মাউশির পরিপত্রে একটি জন্মনিবন্ধন নম্বর দিয়ে মাত্র একটি আবেদন করার বাধ্যবাধকতা নেই। ফলে বিগত বছরগুলোর মতো একাধিক আবেদন করার ক্ষেত্রে নীতিমালায় কোনো বাধা নেই।

আবেদন সীমিত করলে যেসব সংকট

রাজধানীর জনপ্রিয় বিদ্যালয়গুলোতে ভর্তির চাহিদা বরাবরই বেশি। একজন শিক্ষার্থীকে মাত্র একটি আবেদনের সুযোগ দেওয়া হলে অধিকাংশ অভিভাবক জনপ্রিয় কয়েকটি বিদ্যালয়কেই পছন্দক্রমে রাখতে চাইবেন। এতে তুলনামূলক কম চাহিদাসম্পন্ন বিদ্যালয়গুলো শিক্ষার্থী সংকটে পড়তে পারে।

যেমন একজন অভিভাবক তার মেয়ের জন্য ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ ও মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের দুটি করে শিফট পছন্দ করলে চারটি পছন্দক্রম শেষ হয়ে যাবে। এরপর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ কিংবা মতিঝিল মডেল স্কুলের মতো অন্য একটি বিদ্যালয় পছন্দের সুযোগ থাকবে।

এতে একদিকে জনপ্রিয় বিদ্যালয়গুলোতে ভর্তির প্রতিযোগিতা আরও বাড়বে। অন্যদিকে রাজধানীর অনেক বিদ্যালয়ে আসন খালি থাকার শঙ্কা তৈরি হবে।

এ ছাড়া ভর্তি নীতিমালার ৮.১ অনুচ্ছেদে লটারির মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা তৈরির পাশাপাশি সমসংখ্যক শিক্ষার্থীর অপেক্ষমাণ তালিকা প্রস্তুত রাখার নির্দেশনা রয়েছে। আবেদনের সুযোগ সীমিত করা হলে কম চাহিদাসম্পন্ন বিদ্যালয়গুলোতে অপেক্ষমাণ তালিকা তৈরিতেও জটিলতা দেখা দিতে পারে।

মাউশির সূচি অনুযায়ী, আগামী ১ ডিসেম্বর প্রথম শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন শুরু হয়ে চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। ১৫ ডিসেম্বর ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হবে।

আবেদনসংক্রান্ত বিস্তারিত নির্দেশিকা পাওয়া যাবে মাউশির ওয়েবসাইট (www.dshe.gov.bd) এবং টেলিটকের ওয়েবসাইটে (www.teletalk.com.bd)।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া অসমর্থিত তথ্যে বিভ্রান্ত না হয়ে অভিভাবকদের সরকারি নীতিমালা ও প্রকাশিত নির্দেশিকা অনুসরণের পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।