বেরোবিতে শহিদ আবু সাঈদ স্মরণে ফুটবল টুর্নামেন্ট

জুলাই আন্দোলনের প্রথম শহিদ আবু সাঈদের স্মরণে দ্বিতীয়বারের মতো ‘শহিদ আবু সাঈদ আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট’-এর আয়োজন করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)।
বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের উদ্যোগে রোববার (৫ জুলাই) কেন্দ্রীয় খেলার মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হবে।
এবারের টুর্নামেন্টে বিশ্ববিদ্যালয়ের ২২টি বিভাগের ছেলেদের ২২টি দলের পাশাপাশি মেয়েদেরও চারটি দল অংশ নিচ্ছে। উল্লেখ্য, গত বছর প্রথমবারের মতো শহিদ আবু সাঈদের স্মরণে এই আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল।
জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে। এতে টুর্নামেন্টের উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন শহিদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন। এছাড়া প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী এবং বিশেষ অতিথি হিসেবে প্রক্টর ড. ফেরদৌস রহমান উপস্থিত থাকবেন।
টুর্নামেন্টের আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ইসমাইল হোসেন বলেন, আমরা মাঠকে খেলার উপযোগী করে তুলতে সর্বোচ্চ চেষ্টা করছি। আশা করছি শিক্ষার্থীরা একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উপভোগ্য টুর্নামেন্ট উপহার দেবে। মাঠে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য আমি সবার সহযোগিতা কামনা করছি। সবাই সহনশীলতা বজায় রাখলে আমরা সুন্দর ও সুশৃঙ্খলভাবে এই টুর্নামেন্ট সম্পন্ন করতে পারব।




