Advertisement

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ উদযাপনে স্টিয়ারিং কমিটি গঠন

এশিয়া পোস্ট প্রতিবেদক
প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ উদযাপনে স্টিয়ারিং কমিটি গঠন
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের লোগো। ছবি: সংগৃহীত

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উদ্যোগে আয়োজিত প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা উদযাপনের জন্য ১৫ সদস্যের স্টিয়ারিং কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি করা হয়েছে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনকে।

রোববার (২৬ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের এক অফিস আদেশ এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উদ্যোগে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬ সুষ্ঠুভাবে উদযাপনের জন্য আন্ত মন্ত্রণালয় সমন্বয়, তদারকি, প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সহযোগিতা প্রদানের লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়।

স্টিয়ারিং কমিটিতে সভাপতি হিসেবে আছেন শিক্ষামন্ত্রী। সদস্য হিসেবে আছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহদী আমিন।

এ ছাড়াও সদস্য হিসেবে আছেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব, অর্থ বিভাগের সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন), বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি, এফবিসিসিআইয়ের সভাপতি, বিজিএমইএয়ের সভাপতি। কমিটিতে সদস্য সচিব করা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবকে।