প্রধানমন্ত্রীর কাছ থেকে ট্যাব উপহার পাচ্ছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা

চলতি বছর এসএসসি পরীক্ষায় যারা জিপিএ-৫ পেয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তাদের ট্যাব (ট্যাবলেট কম্পিউটার) উপহার দেবেন বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সদ্য পাস করা ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে পড়াশোনায় উৎসাহ দিতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবসের আলাচনায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন শিক্ষামন্ত্রী।
তিনি বলেন, ‘এটা খুবই চমকপ্রদ বিষয়। প্রধানমন্ত্রীই আমাদের বলেছেন, শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ যেন আরও বেড়ে যায়, তারা যেন লেখাপড়া ঠিকমতো করে, সে জন্যই তিনি ১ লাখ ১৬ হাজার ট্যাব দেওয়ার জন্য চিন্তা করেন।’
মেয়েদের শিক্ষার্থীদেরও উপহার দেওয়া হবে জানিয়ে ড. এহছানুল হক বলেন, ‘দেশে প্রায় ১৯ হাজার মাধ্যমিক স্কুল রয়েছে। সেগুলোর প্রতিটি ক্লাসে মেয়েদের শিক্ষায় আরও উৎসাহিত করার জন্য প্রধানমন্ত্রী তাদের জন্যও গিফটের কথা আজ বলবেন। তাদের ‘পিংকি মোটরসাইকেল’ দেওয়া হবে। এগুলো হচ্ছে শিক্ষায় অনুপ্রাণিত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর আলোচনা।’
শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষক নিয়োগে বিলম্বিত হচ্ছে, এটা আমাদের জটিলতার কারণে। বিষয়টি আজকের এজেন্ডায় রয়েছে। এই বিশাল এজেন্ডা নিয়ে আলোচনা করতে হবে।’
বাজেট অ্যালোকেশন থেকে শুরু করে আমাদের প্রায় ৭৭ হাজার শিক্ষক নিয়োগ, তাদের পরীক্ষার ব্যবস্থা করা এবং সামগ্রিক বিষয়গুলো কীভাবে করা যায়, সেটা নিয়ে আলোচনা চলছিল বলে জানান তিনি।
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন। তিনি এবার বাজেট অ্যালোকেশন করেছেন জিডিপির ২ শতাংশ এবং এটাকে তিনি উন্নীত করবেন আপ টু ৫ শতাংশ। এই ধরনের শিক্ষায় ইনভেস্টমেন্ট প্রিভিয়াসলি গভমেন্ট করেনি।’



