সারা দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা

দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। নির্দেশনা অনুযায়ী ১৫ জুলাই (বুধবার) সব বিদ্যালয়ের আঙিনায় বাধ্যতামূলকভাবে পাঁচটি করে গাছের চারা রোপণ করতে হবে।
প্রধানমন্ত্রীর জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে সংহতি রেখে এই বিশেষ উদ্যোগ হাতে নেওয়া হয়েছে। সম্প্রতি অধিদপ্তরের সেকশন-২ থেকে পাঠানো এক চিঠিতে এই আদেশ দেওয়া হয়।
আদেশটি বাস্তবায়নের জন্য ইতোমধ্যে বিভাগীয় উপপরিচালকদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশনার অনুলিপি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও অতিরিক্ত মহাপরিচালকের ব্যক্তিগত সহকারীসহ সংশ্লিষ্ট সব দপ্তরে পাঠানো হয়েছে।
সরকারি নির্দেশনায় বলা হয়েছে, আগামী ১৫ জুলাই বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রধানমন্ত্রী নিজে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর এই পরিবেশবান্ধব কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করতেই একই দিনে ও একই সময়ে সারাদেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে চারা রোপণের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশের কথা বিবেচনা করে চারা নির্বাচনের ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম বেঁধে দেওয়া হয়েছে। প্রতিটি বিদ্যালয় প্রাঙ্গণে ফলজ, বনজ ও ঔষধি—এই তিন শ্রেণির গাছের সমন্বয়ে মোট পাঁচটি চারা রোপণ করতে হবে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো বিদ্যালয় প্রাঙ্গণকে সবুজায়নে রূপ দেওয়া এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করা। একই সঙ্গে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা তৈরি করাও এই কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।




