Advertisement

চট্টগ্রাম বোর্ডের এইচএসসির সব পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

এশিয়া পোস্ট নিউজ
চট্টগ্রাম বোর্ডের এইচএসসির সব পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
ছবি : সংগৃহীত

বন্যা-পরবর্তী পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন এইচএসসি ও সমমানের অবশিষ্ট সব পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতি, পরীক্ষার্থীদের মানসিক ও শারীরিক অবস্থা, অংশীজনদের সঙ্গে আলোচনা এবং ক্ষতিগ্রস্ত সড়কপথের কারণে পরীক্ষা কেন্দ্রে যাতায়াতের সমস্যার বিষয়টি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন এইচএসসি ও সমমান, আলিম, এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) এবং ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষার অবশিষ্ট বিষয়গুলোর পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে।

এ ছাড়া চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট পরীক্ষাগুলোও স্থগিত করা হয়েছে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বিজ্ঞপ্তি
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বিজ্ঞপ্তি

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্থগিত পরীক্ষাগুলোর সংশোধিত সময়সূচি পরে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

তবে অন্যান্য শিক্ষা বোর্ডের অধীন পরীক্ষা এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চট্টগ্রাম বোর্ডের আওতাভুক্ত জেলা ছাড়া অন্যান্য জেলার পরীক্ষা পূর্বঘোষিত সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্টদের এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।