বিশ্বের বিজ্ঞানীদের তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় দেশের অন্যতম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২২ জন শিক্ষক ও গবেষক স্থান পেয়েছেন। বুধবার (৭ অক্টোবর) যুক্তরাষ্ট্রের খ্যাতনামা স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি ও নেদারল্যান্ডস-ভিত্তিক প্রকাশনা সংস্থা ‘এলসেভিয়ার’ যৌথভাবে ২০২৬ সালের তালিকা প্রকাশ করলে এ তথ্য জানা যায়।
তালিকায় আরও জানানো হয়েছে, বাংলাদেশের শীর্ষ গবেষণা প্রতিষ্ঠানগুলোর তালিকায়ও ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের শীর্ষস্থান অর্জন করেছে।
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় গবেষকদের প্রকাশিত গবেষণাপত্র, সাইটেশন, এইচ-ইনডেক্স, গবেষণার ধারাবাহিকতা এবং সহ-লেখকদের গবেষণাগত প্রভাবসহ বিভিন্ন সূচক বিবেচনায় নেওয়া হয়েছে। আন্তর্জাতিক পর্যায়ে গবেষণার মান ও প্রভাবের একটি গুরুত্বপূর্ণ সূচক হিসেবে এ তালিকা বিবেচিত হয়।
তালিকায় যাদের নাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২২ জন শিক্ষক ও গবেষক হলেন, মো. রাকিবুল হক (৪৬,১০৪), আবদুস সালাম (৫৩,৫০৩), মো. মাহবুবুর রহমান (৫৬,২৫৫), তসলিম উর রশিদ (৬৭,০৪৯), মুহাম্মদ ইব্রাহিম শাহ (৬৭,২৮০), এম. রেজাউল ইসলাম (৮৪,৪৮০), সুবর্ণ বড়ুয়া (৯৪,২০৭), নেপাল চন্দ্র রায় (১০১,৭৪৬), মো. কাওসার আহমেদ (১১২,৫৩১), সৈকত মিত্র (১২৪,২৯০), এম. এ. বি. এইচ. সুসান (১৪৭,১২১), মোহাম্মদ মঈনুল ইসলাম (১৫৬,৬৭০), মোহাম্মদ মিজানুর রহমান (১৫৮,৯০৮), শেখ মো. মাহমুদুল ইসলাম (১৯৮,৭০১), মো. আবদুস সালাম (২০৬,৯১৮), খন্দকার সামাহের সালেম (২৫২,৬৯৫), মোহাম্মদ ফেরদৌস (২৭০,৫২৩), মোহাম্মদ আব্দুল মতিন (৩০৭,১৩১), মো. আব্দুর রাজ্জাক (৩৫০,৬৯১), এ. এস. এম. মাকসুদ কামাল (৩৫৩,২৯৯), মো. আবদুর রশীদ (৩৯২,৫৩৬) এবং অর্ক জ্যোতি চক্রবর্তী (৭৪৩,৮৩৪)।
সন্তুষ্টি প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২২ জন শিক্ষক ও গবেষকের স্থান পাওয়া অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। একই সঙ্গে বাংলাদেশের শীর্ষ গবেষণা প্রতিষ্ঠান হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি আমাদের গবেষণার মান ও আন্তর্জাতিক প্রভাবের একটি গুরুত্বপূর্ণ প্রতিফলন। এই অর্জনের জন্য সংশ্লিষ্ট শিক্ষক-গবেষকদের আন্তরিক অভিনন্দন জানাই।
ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু দেশের উচ্চশিক্ষার অন্যতম প্রধান প্রতিষ্ঠান হিসেবে গবেষণা ও জ্ঞান সৃষ্টির ক্ষেত্রে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে জানিয়ে তিনি বলেন, আমাদের শিক্ষক-গবেষকরা দেশ-বিদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মানসম্মত গবেষণা পরিচালনা করছেন এবং তাদের গবেষণা আন্তর্জাতিক পরিসরে স্বীকৃতি পাচ্ছে। বিশ্বের শীর্ষ গবেষকদের তালিকায় তাঁদের অন্তর্ভুক্তি তারই একটি উজ্জ্বল দৃষ্টান্ত।
গবেষণার পরিধি ও মান আরও বাড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে এবং গবেষকদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বৃদ্ধি, আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণ এবং তরুণ গবেষকদের উৎসাহিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
তালিকায় দেশের যেসব শীর্ষ গবেষণা প্রতিষ্ঠান
স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি ও এলসেভিয়ারের গবেষণাভিত্তিক মূল্যায়নের আওতায় বাংলাদেশের শীর্ষ গবেষণা প্রতিষ্ঠানগুলোর তালিকাও প্রকাশ করা হয়েছে। এতে দেশের শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের নাম উঠে এসেছে। এর মধ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি), বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়।
তালিকায় বাংলাদেশের শীর্ষে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এরপর দ্বিতীয় অবস্থানে রয়েছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ; তৃতীয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়; চতুর্থ রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং পঞ্চম বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)।
তালিকার ষষ্ঠ অবস্থানে রয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; সপ্তম রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট); অষ্টম ব্র্যাক বিশ্ববিদ্যালয়, নবম গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় এবং দশম অবস্থানে রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)।
