ইউআইইউতে ‘প্রেজেন্টেশন চ্যাম্পস’ প্রতিযোগিতা অনুষ্ঠিত

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) ‘প্রেজেন্টেশন চ্যাম্পস: সিজন ২’ শিরোনামে আন্তঃবিশ্ববিদ্যালয়ের মধ্যে উপস্থাপনা দক্ষতা বাড়ানো এবং প্রদর্শন প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ইউআইইউ ক্যাম্পাসে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফোরামের (ইএলএফ) উদ্যোগ এবং ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড স্টুডেন্ট অ্যাফেয়ার্সের (ডিসিসিএসএ) সহযোগিতায় এ অনুষ্ঠান হয়।
প্রতিযোগিতায় গ্র্যান্ড চ্যাম্পিয়ন হয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ‘দ্য টিম উইদাউট এ নাম’ দল, প্রথম রানারআপ হয়েছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ‘টিম রেড মার্কড’ দল এবং দ্বিতীয় রানারআপ হয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটির ‘কি দেওয়া জিই’ দল। চ্যাম্পিয়ন দলকে ২৫ হাজার টাকা, প্রথম রানারআপ দলকে ১৫ হাজার টাকা এবং দ্বিতীয় রানারআপ দলকে ১০ হাজার টাকার চেক এবং ট্রফি প্রদান করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ইউআইইউর উপাচার্য প্রফেসর ড. মো. আবুল কাশেম মিয়া বিজয়ীদের হাতে ট্রফি এবং চেক তুলে দেন।
প্রতিযোগিতার প্রাথমিক রাউন্ডে দেশের ১৮ বিশ্ববিদ্যালয় থেকে ৯২টি দল অংশগ্রহণ করে। প্রতিটি দল একটি লটারি ইভেন্টের মাধ্যমে তাদের দেওয়া একটি বিষয়ে তথ্যপূর্ণ ও আকর্ষণীয় উপস্থাপনা প্রদান করে। প্রতিযোগিতায় প্রতিটি দলকে পেচাকুচা ফরমেটের মাধ্যমে ২০টি স্লাইড উপস্থাপন এবং প্রতিটি স্লাইড প্রেজেন্টেশনের জন্য ২০ সেকেন্ড—সর্বমোট ৬ মিনিট ৪০ সেকেন্ড সময় দেওয়া হয়। দক্ষ বিচারকদের প্যানেল শারীরিক ভাষা, বিষয়বস্তুর প্রাসঙ্গিকতা এবং সময় ব্যবস্থাপনার মানদণ্ডের ভিত্তিতে পারফরম্যান্সের মূল্যায়ন করেছে।
প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন ইউআইইউ বিবিএ প্রোগ্রামের পরিচালক প্রফেসর ড. সালমা করিম, ইউআইইউ সিএসই বিভাগের প্রধান ড. সুমন আহমেদ, ইউআইইউ ইডিএস বিভাগের প্রধান ড. শান্তনু কুমার সাহা, ইংলিশ অলিম্পিয়াডের প্রধান সংগঠক মোহাম্মদ আমান উল্লাহ, ইউআইইউ ইংরেজি বিভাগের প্রভাষক মিসেস কার্স্টেন গুজেন এবং ইউআইইউর হেড অব কমিউনিকেশনস উম্মে সুমাইয়া মুতিয়াতুর রসুল।