logo

সারা দেশের সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ বিচ্ছিন্নের হুঁশিয়ারি

সারা দেশের সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ বিচ্ছিন্নের হুঁশিয়ারি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শাটল ট্রেনের সংকট নিরসনে আগামীকাল রেলওয়ে প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে সন্তোষজনক ফলাফল না এলে চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রোববার (৩ মে) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে ‘ভয়েস অব স্টুডেন্টস’ ব্যানারে আয়োজিত এক অবস্থান কর্মসূচি থেকে এ হুঁশিয়ারি দেওয়া হয়। শাটল ট্রেনের সমস্যা সমাধানে চবি শিক্ষার্থীদের বিক্ষোভ করেছেন।

কর্মসূচিতে অংশ নিয়ে শিক্ষার্থীরা ‘এ মুহূর্তে দরকার সংস্কার’, ‘ছাত্র মরে গরমে, প্রশাসন থাকে এসিতে, ‘মুলা না সংস্কার, সংস্কার সংস্কার’সহ বিভিন্ন স্লোগান দেন।

কর্মসূচিতে সংগঠনটির সভাপতি আশিকুর রহমান বলেন, ‘শিক্ষার্থীদের প্রতিনিয়ত নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এসব সমস্যার দ্রুত সমাধান করতে হবে। শাটল ট্রেনের নিরাপত্তা নিশ্চিত করা, নিয়মিত সময়সূচি বজায় রাখা এবং আধুনিক মানের বগি সংযোজন করা জরুরি।’

তিনি আরও বলেন, ‘আগামীকাল রেলওয়ের প্রতিনিধিদের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বৈঠকে যদি কোনো কার্যকর ফলাফল না আসে, তাহলে আমরা চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রাখার মতো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।’

চবি শাটল ট্রেনের সংকট নিরসনে আগামীকাল রেলওয়ে প্রতিনিধিদের সাথে বৈঠকে বসবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এতে শাটল ট্রেনে যাতায়াত সমস্যা, বগি বৃদ্ধিসহ বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।