দাওরায়ে হাদিস পরীক্ষার সনদ উত্তোলনে জরুরি নির্দেশনা

দাওরায়ে হাদিস (মাস্টার্স সমমান) পরীক্ষার সনদ ও নম্বরপত্র সংগ্রহ সহজ করতে জরুরি বিজ্ঞপ্তি ও নির্দেশনা প্রকাশ করেছে কওমি মাদরাসাগুলোর সর্বোচ্চ শিক্ষাবোর্ড আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশ। ১৪৩৮ হিজরি থেকে ১৪৪৭ হিজরি পর্যন্ত অনুষ্ঠিত ১০টি পরীক্ষার সনদ উত্তোলনের ক্ষেত্রে এই নতুন নির্দেশনা প্রযোজ্য হবে।
বুধবার (২৬ আগস্ট) বোর্ডের অফিস ব্যবস্থাপক মু. অছিউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, সব ধরনের মূল ও সাময়িক সনদ ঢাকার উত্তর যাত্রাবাড়ীর বিবির বাগিচায় অবস্থিত সংস্থার প্রধান কার্যালয় থেকে সংগ্রহ করতে হবে। শনিবার থেকে বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা এবং বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত অফিস খোলা থাকবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৪৪৩ থেকে ১৪৪৫ হিজরি সনের মূল সনদ ও নম্বরপত্র ইতিমধ্যে বিভিন্ন মাদ্রাসায় পৌঁছানো শুরু হয়েছে এবং ১৪৪৬-১৪৪৭ হিজরির সনদ প্রস্তুতের কাজ আগামী এক মাসের মধ্যে শুরু হবে। তবে ১৪৩৮ থেকে ১৪৪২ হিজরির পরীক্ষার্থীদের সনদ পেতে অনলাইনে তথ্য হালনাগাদ করা বাধ্যতামূলক করা হয়েছে। পুরাতন সফটওয়্যারে প্রয়োজনীয় তথ্যের ঘাটতি থাকায়, এই ব্যাচের শিক্ষার্থীদের বাংলা, ইংরেজি ও আরবি এই তিন ভাষায় নাম এবং জাতীয় পরিচয়পত্র বা জন্মসনদের তথ্য দিয়ে নির্ধারিত ওয়েবসাইটে আবেদন করতে বলা হয়েছে।
এ ছাড়া সাময়িক সনদের জন্য অনলাইনে বা সরাসরি অফিসে উপস্থিত হয়ে আবেদন করার সুযোগ রয়েছে। সনদ বা নম্বরপত্রে কোনো ভুল থাকলে ২০০ টাকা ফি এবং প্রয়োজনীয় কাগজপত্র জমাদানের মাধ্যমে সংশোধনের আবেদন করা যাবে। তবে পরীক্ষার্থীর বা বাবা-মায়ের সম্পূর্ণ নাম পরিবর্তনের কোনো সুযোগ নেই, শুধু আংশিক সংশোধন করা যাবে।
বিদেশে অবস্থানরত শিক্ষার্থীদের সনদ সংগ্রহের ক্ষেত্রেও বিশেষ নিয়মের কথা জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রবাসীরা মাদ্রাসার মুহতামিমের প্রত্যয়নপত্রসহ মনোনীত প্রতিনিধির মাধ্যমে এবং ছাত্রীরা তাদের ‘মাহরাম’ (যার সঙ্গে দেখা করা বৈধ) ব্যক্তির মাধ্যমে সনদ সংগ্রহ করতে পারবেন। এক্ষেত্রে প্রতিনিধির পরিচয়পত্র এবং মাদ্রাসার সিল-স্বাক্ষরযুক্ত প্রত্যয়নপত্র আবশ্যক।



